

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ ‘এফ’-এর শেষ ম্যাচে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে নকআউট পর্ব নিশ্চিত করেছে জাপান।
টেক্সাসে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে দুই গোল হলেও শেষ পর্যন্ত সমতায় শেষ হয় লড়াই। গ্রুপে দ্বিতীয় স্থান নিয়ে শেষ ৩২-এ উঠেছে জাপান, যেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ব্রাজিল।
প্রায় ৭০ হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে দুই দলই সতর্ক ফুটবল খেলায় উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেনি। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় উভয় দল।
বিরতির পর ম্যাচে গতি আসে। ৫৬তম মিনিটে রিতসু দোয়ানের নিখুঁত পাস থেকে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে জাপানকে এগিয়ে দেন দাইজেন মায়েদা। গোলরক্ষককে কাটিয়ে সহজেই বল জালে পাঠিয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
তবে জাপানের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র ছয় মিনিট পরই সমতায় ফেরে সুইডেন। ডান প্রান্ত থেকে ভেতরে ঢুকে বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাঁ পায়ের শটে জাপানের গোলরক্ষক জিওন সুজুকিকে পরাস্ত করেন অ্যান্থনি এলাঙ্গা। তার চমৎকার গোলে ম্যাচে ফিরে আসে সুইডিশরা।
সমতার পর আক্রমণের ধার আরও বাড়ায় সুইডেন। আলেকজান্ডার ইসাক একাধিকবার জাপানের রক্ষণে চাপ সৃষ্টি করলেও প্রতিবারই দুর্দান্ত সেভ করে দলকে রক্ষা করেন গোলরক্ষক সুজুকি। হাইড্রেশন বিরতির পর আবারও ম্যাচের নিয়ন্ত্রণ কিছুটা ফিরে পায় জাপান।
শেষদিকে জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে সুইডেন। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে এলাঙ্গার শট এবং এরপর ইসাকের হেড—দুটি নিশ্চিত গোলের সুযোগই অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন সুজুকি। তার দুর্দান্ত গোলকিপিংয়ের সুবাদেই গুরুত্বপূর্ণ এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জাপান।
গ্রুপ ‘এফ’-এ তিন ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নেদারল্যান্ডস। ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে নকআউটে উঠেছে জাপান। চার পয়েন্ট নিয়ে তৃতীয় হলেও সেরা তৃতীয় স্থানধারী দল হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে সুইডেন। অন্যদিকে তিন ম্যাচেই হেরে শূন্য পয়েন্ট নিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করেছে তিউনিসিয়া।
নকআউট পর্বে জাপানের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। শেষ ৩২-এ হিউস্টনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে এশিয়ার প্রতিনিধিরা। অন্যদিকে গ্রুপসেরা নেদারল্যান্ডস খেলবে মরক্কোর বিপক্ষে।
