

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফুটবল বিশ্বে সবচেয়ে আলোচিত ও আবেগঘন দ্বৈরথের একটি হলো ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের লড়াই মানেই বাড়তি উত্তেজনা, আর সেটা যদি হয় বিশ্বকাপের মঞ্চে—তাহলে আগ্রহ পৌঁছে যায় অন্য মাত্রায়।
সবশেষ বিশ্বকাপে এই দুই দলের মুখোমুখি লড়াই হয়েছিল ১৯৯০ সালে। এরপর কেটে গেছে দীর্ঘ তিন দশকেরও বেশি। কিন্তু এবার সেই অপেক্ষা শেষ হওয়ার সম্ভাবনা জেগেছে চলমান বিশ্বকাপে।
টুর্নামেন্টের সমীকরণ অনুযায়ী, সব কিছু ঠিকঠাক এগোলে সেমিফাইনালেই মুখোমুখি হতে পারে ব্রাজিল ও আর্জেন্টিনা।
গ্রুপ পর্বে দারুণ শুরু করেছে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে টানা দুই জয়ে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে। শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তারা, যেখানে জয় ধরে রাখার প্রত্যাশাই করা হচ্ছে তাদের ঘিরে। নিয়ম অনুযায়ী, পরবর্তী রাউন্ডে তারা মুখোমুখি হবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপের, যেখানে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে এগিয়ে আছে উরুগুয়ে।
অন্যদিকে ব্রাজিল শুরুটা ভালো না করলেও পরের দুই ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডকে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে। পরবর্তী রাউন্ডে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ জাপান।
এই অবস্থান থেকে দুই দল যদি একে একে দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল পেরিয়ে আসে, তাহলে বিশ্বকাপের সেমিফাইনালে আবারও দেখা যাবে ফুটবলের সবচেয়ে বড় দুই প্রতিদ্বন্দ্বীকে।
বিশ্বকাপের মূল পর্বে ব্রাজিল ও আর্জেন্টিনার সর্বশেষ দেখা হয়েছিল ১৯৯০ সালের ২৪ জুন। ইতালির তুরিনে অনুষ্ঠিত সেই শেষ ষোলো ম্যাচে ১-০ গোলে জেতে আর্জেন্টিনা। ডিয়েগো ম্যারাডোনার অসাধারণ অ্যাসিস্ট থেকে ক্লদিও ক্যানিজিয়ার করা একমাত্র গোলেই ব্রাজিলকে বিদায় নিতে হয়।
বিশ্বকাপে নকআউট পর্বে এটাই দুই দলের একমাত্র মুখোমুখি লড়াই হিসেবে রয়ে গেছে এখন পর্যন্ত।
এবারের আসরে তাই সম্ভাব্য সেমিফাইনাল নিয়ে ফুটবল বিশ্বে শুরু হয়েছে নতুন আলোচনা—আর্জেন্টিনা কি মেসির নেতৃত্বে চতুর্থ শিরোপার পথে আরও এক ধাপ এগোবে, নাকি ব্রাজিল ফিরিয়ে দেবে পুরনো হিসাব?
