সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তিউনিসিয়াকে উড়িয়ে গ্রুপসেরা নেদারল্যান্ডস, নকআউটে প্রতিপক্ষ মরক্কো

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০৭:৫৩ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ ‘এফ’-এর শেষ ম্যাচে তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে নেদারল্যান্ডস।

শুক্রবার কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দাপট দেখিয়ে জয় তুলে নেয় রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

একই সময়ে গ্রুপের অন্য ম্যাচে জাপান ও সুইডেন ১-১ গোলে ড্র করায় তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখে ডাচরা। ফলে শেষ ৩২-এ ‘সি’ গ্রুপের রানার্সআপ মরক্কোর মুখোমুখি হবে নেদারল্যান্ডস।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নেদারল্যান্ডস। তৃতীয় মিনিটেই এলিয়েস স্কিরির আত্মঘাতী গোলে এগিয়ে যায় তারা। বিশ্বকাপে ১৯৭৪ সালের ফাইনালের পর এটি ডাচদের সবচেয়ে দ্রুত পাওয়া গোল।

প্রথম গোলের ধাক্কা সামলে ওঠার আগেই আবারও আঘাত হানে নেদারল্যান্ডস। সপ্তম মিনিটে অধিনায়ক ভার্জিল ফন ডাইকের দারুণ পাস থেকে বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন স্ট্রাইকার ব্রায়ান ব্রবি। চলতি আসরে এটি তার তৃতীয় গোল। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইউরোপের দলটি।

দ্বিতীয়ার্ধে লড়াইয়ে ফেরার চেষ্টা করে তিউনিসিয়া। ৫৪তম মিনিটে হ্যানিবাল মেজব্রির কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান কমান হাজেম মাস্তুরি। তার গোলে কিছুটা আশা জাগলেও সেই সম্ভাবনা বেশিক্ষণ টিকতে দেয়নি নেদারল্যান্ডস।

৬২তম মিনিটে তিজানি রেইন্ডার্সের কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করেন ডিফেন্ডার জান-পল ফন হেকে। তার গোলেই ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় নেদারল্যান্ডসের।

গ্রুপ পর্বে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট সংগ্রহ করে চ্যাম্পিয়ন হয়েছে ডাচরা। অন্যদিকে তিন ম্যাচেই জয়হীন থেকে বিশ্বকাপ অভিযান শেষ করল তিউনিসিয়া। নকআউট পর্বে মরক্কোর বিপক্ষে কঠিন পরীক্ষার অপেক্ষায় এখন নেদারল্যান্ডস।=

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন