শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার একাদশ থেকে বাদ পড়ছেন যে ৭ তারকা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১০:২৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

টানা দুই জয়ে গ্রুপসেরা হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফলে আগামী রোববার ডালাসে জর্ডানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটি তাদের জন্য অনেকটাই নিয়মরক্ষার লড়াই।

এই পরিস্থিতিতে কোচ লিওনেল স্কালোনি দলের তারকা খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে বেঞ্চের শক্তি যাচাই করতে পারেন বলে জোর গুঞ্জন রয়েছে। আর্জেন্টিনার ২৬ সদস্যের স্কোয়াডে এখনো সাতজন ফুটবলার রয়েছেন, যারা এবারের বিশ্বকাপে মাঠে নামার সুযোগ পাননি। জর্ডানের বিপক্ষে ম্যাচটি হতে পারে তাদের বিশ্বকাপ অভিষেকের আদর্শ মঞ্চ।

দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, স্কালোনি এই ম্যাচে একসঙ্গে সাতজন নতুন মুখকে সুযোগ দিতে পারেন। পরিবর্তনের শুরুটা হতে পারে গোলপোস্ট থেকেই। নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে বিশ্রাম দেওয়া হলে তার জায়গায় বিশ্বকাপ অভিষেক হতে পারে জেরোনিমো রুল্লি অথবা হুয়ান মুসোর। কাতার বিশ্বকাপজয়ী দলের সদস্য হলেও রুল্লি পুরো টুর্নামেন্ট বেঞ্চেই কাটিয়েছিলেন। অন্যদিকে মুসোর জন্য এটি হবে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে নামার সুযোগ।

রক্ষণভাগেও বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। হাঁটুর চোটে আক্রান্ত ক্রিস্তিয়ান রোমেরো জর্ডানের বিপক্ষে খেলতে পারবেন না। অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দির খেলা প্রায় নিশ্চিত হলেও তার সেন্টার-ব্যাক সঙ্গী হিসেবে দেখা যেতে পারে মার্কোস সেনেসিকে। সেটিই হবে তার বিশ্বকাপের প্রথম ম্যাচ।

মিডফিল্ডেও নজর থাকবে জিওভান্নি লো সেলসোর দিকে। দীর্ঘদিন ধরে স্কালোনির অন্যতম আস্থাভাজন এই মিডফিল্ডার চোটের কারণে কাতার বিশ্বকাপ মিস করেছিলেন। রাশিয়া বিশ্বকাপের দলে থাকলেও মাঠে নামার সুযোগ হয়নি তার। ফলে বিশ্বকাপের আসরে এখনো অভিষেকের অপেক্ষায় রয়েছেন তিনি।

আরেকটি নাম ভ্যালেন্তিন বার্কো। স্ট্রাসবুর্গে দুর্দান্ত মৌসুম কাটিয়ে চেলসিতে নাম লেখানো তরুণ এই মিডফিল্ডার প্রীতি ম্যাচগুলোতে নজর কেড়েছেন। আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে গোলও করেছিলেন। জর্ডানের বিপক্ষে তার মাঠে নামার সম্ভাবনা প্রবল।

তরুণদের তালিকায় আছেন জুলিয়ানো সিমিওনে ও হোসে মানুয়েল লোপেসও। আর্জেন্টিনার নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করা এই দুজন এখনো বিশ্বকাপের মঞ্চে পা রাখেননি। তবে জুলিয়ান আলভারেজের উপস্থিতির কারণে সিমিওনের সুযোগ পাওয়া কিছুটা কঠিন হতে পারে।

স্কালোনি কাতার বিশ্বকাপেও একই কৌশল নিয়েছিলেন। পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে কিছুটা ঝুঁকিমুক্ত থাকায় হুয়ান ফয়েথ ও থিয়াগো আলমাদাকে বিশ্বকাপ অভিষেকের সুযোগ দিয়েছিলেন। এবারও জর্ডানের বিপক্ষে সেই পথেই হাঁট্তে পারেন আর্জেন্টাইন কোচ।

সম্ভাব্য একাদশে দেখা যেতে পারে রুল্লি (অথবা মার্টিনেজ): গঞ্জালো মন্তিয়েল, ওতামেন্দি, সেনেসি, নিকোলাস তালিয়াফিকো; এক্সেকিয়েল পালাসিওস, লিয়ান্দ্রো পারেদেস, ভ্যালেন্তিন বার্কো; লিওনেল মেসি (অথবা নিকোলাস পাস), জুলিয়ান আলভারেজ ও নিকোলাস গঞ্জালেসকে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Curaçao VS Ivory Coast
Scheduled
26 Jun, 02:00 AM
VS
World Cup