শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রিয়া ম্যাচের আগে এক তারকাকে হারাল আর্জেন্টিনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০১:২০ পিএম
সংগৃহীত
expand
সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপপর্বে অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার গঞ্জালো মন্টিয়েল।

আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে শুরুর একাদশে ছিলেন মন্টিয়েল। তবে ম্যাচের পর থেকেই তিনি পুরো মাত্রায় অনুশীলনে অংশ নিতে পারেননি। চিকিৎসক দলের পর্যবেক্ষণের পর তাকে অস্ট্রিয়ার বিপক্ষে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আর্জেন্টাইন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তার পরিবর্তে রক্ষণভাগের ডান পাশে নাহুয়েল মলিনাকে দেখা যেতে পারে। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচেও দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন মলিনা। এবার শুরু থেকেই তার ওপর আস্থা রাখতে পারেন কোচ লিওনেল স্কালোনি।

তবে আর্জেন্টিনা শিবিরের জন্য স্বস্তির খবর হলো, মন্টিয়েলের চোট গুরুতর নয়। পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে তিনি হালকা অনুশীলন চালিয়ে যাবেন। দলের আশা, গ্রুপপর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে তাকে আবারও পাওয়া যাবে।

উল্লেখ্য, বিশ্বকাপ শুরুর আগেও শারীরিক সমস্যায় ভুগছিলেন এই ডিফেন্ডার। জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার সময় তার অন্য পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ছিল। সেই কারণে ক্লাব ফুটবলের কয়েকটি ম্যাচ এবং জাতীয় দলের একটি প্রস্তুতি ম্যাচেও খেলতে পারেননি তিনি।

মন্টিয়েলের অনুপস্থিতি ছাড়া আর্জেন্টিনার একাদশে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। লিওনেল মেসির হ্যাটট্রিকে পাওয়া সেই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতেই এবার অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে দলটি।

সোমবার ডালাসে অনুষ্ঠিত হবে গ্রুপপর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচ। সেখানে জয় পেলে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার পথে অনেকটাই এগিয়ে যাবে আর্জেন্টিনা। তবে তার আগে রক্ষণভাগে মন্টিয়েলের অনুপস্থিতি স্কালোনির জন্য একটি বড় পরীক্ষা হয়ে দেখা দিতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Netherlands VS Sweden
Scheduled
20 Jun, 11:00 PM
VS
World Cup