

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাজিলের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর চলমান ২০২৬ বিশ্বকাপ থেকে সবার আগে বিদায়ঘণ্টা বেজে গেল হাইতির। টানা দুই ম্যাচে হেরে ‘সি’ গ্রুপের তলানিতে থাকা ক্যারিবীয় দেশটি টুর্নামেন্টের প্রথম দল হিসেবে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে।
এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেছিল হাইতি, যার ফলে দুই ম্যাচ শেষে তাদের ঝুলিতে কোনো পয়েন্ট নেই।
অন্যদিকে এক জয় ও এক ড্রয়ে ব্রাজিল ও মরক্কোর পয়েন্ট চার করে এবং স্কটল্যান্ডের সংগ্রহে রয়েছে তিন পয়েন্ট। গ্রুপ পর্বের শেষ ম্যাচে যদি হাইতি জয়ও পায়, তাহলেও তারা আর স্কটল্যান্ডকে টপকাতে পারবে না।
এর মূল কারণ, এবারের বিশ্বকাপে দুই দলের পয়েন্ট সমান হলে গোল ব্যবধানের আগে মুখোমুখি লড়াইয়ের ফলকে প্রথম বিবেচনা করা হচ্ছে। যেহেতু স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই হেরে গিয়েছিল হাইতি, তাই সমীকরণের সেই হিসাবেও তারা অনেক পিছিয়ে রয়েছে।
ফলে শেষ ম্যাচের ফল যাই হোক না কেন, গ্রুপের শেষ স্থান থেকে তাদের আর উপরে ওঠার কোনো গাণিতিক সুযোগ নেই। ৪৮ দলের নতুন বিশ্বকাপ কাঠামোর নিয়ম অনুযায়ী প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দলের সঙ্গে সেরা আটটি তৃতীয় স্থানধারী দল পরবর্তী নকআউট পর্বে উঠবে।
কিন্তু প্রথম দুই ম্যাচেই কোনো পয়েন্ট না পাওয়ায় তৃতীয় স্থান অধীকারী সেরা আট দলের তালিকায় ঢোকার সেই সামান্য সম্ভাবনাও শেষ হয়ে গেছে হাইতির।
দীর্ঘ ৫৪ বছর পর ফুটবলের সবচেয়ে বড় এই মঞ্চে ফেরা হাইতির বিশ্বকাপ যাত্রা তাই অত্যন্ত হতাশাজনকভাবে গ্রুপ পর্বেই থমকে গেল। টুর্নামেন্টে নিজেদের নিয়মরক্ষার শেষ ম্যাচে এবার শক্তিশালী মরক্কোর মুখোমুখি হবে ক্যারিবীয় দলটি।
