শনিবার
০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম ইনিংসে ৪১৩ রানে থামল বাংলাদেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৬, ০২:০৬ পিএম
সংগৃহীত
expand
সংগৃহীত

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে প্রথম সেশনে ভালো অবস্থানে থেকেও বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ।

দিনের শুরুতে ৭ উইকেটে ৩৮০ রান নিয়ে ব্যাট করতে নামা স্বাগতিকরা শেষ পর্যন্ত গুটিয়ে যায় ৪১৩ রানে।

দিনটি ছিল অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম-এর জন্য বিশেষ। নিজের ৩৯তম জন্মদিনে মাঠে নামার আগে সতীর্থদের সঙ্গে কেক কেটে উদযাপন করেন তিনি।

এরপর ব্যাট হাতে দারুণ লড়াই চালিয়ে ৪৮ রান থেকে এগিয়ে গিয়ে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ২৯তম অর্ধশতক।

মুশফিক ও লিটন দাস পঞ্চম উইকেটে ৬২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। তবে দলীয় ৩৪০ রানের মাথায় মোহাম্মদ আব্বাসের বাউন্সারে ক্যাচ তুলে ৩৩ রানে ফিরে যান লিটন।

এরপর দ্রুতই ভাঙতে থাকে বাংলাদেশের নিম্নক্রম। মেহেদী হাসান মিরাজ ১২ বলে ১০ রান করে আউট হন আব্বাসের বলেই।

সেঞ্চুরির দিকে এগোতে থাকা মুশফিক তখন সঙ্গীর খোঁজে ছিলেন, কিন্তু তাইজুল ইসলামও বেশিক্ষণ টিকতে পারেননি। ২৩ বলে ১৭ রান করে তিনিও আব্বাসের শিকার হন।

ব্যক্তিগত ৭১ রানে থেমে যায় মুশফিকের ইনিংস। শাহিন শাহ আফ্রিদি-র বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। সেঞ্চুরি হাতছাড়া হওয়ার হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় এই অভিজ্ঞ ক্রিকেটারকে।

এরপর রান না করেই আউট হন এবাদত হোসেন। একই সঙ্গে পাঁচ উইকেট পূর্ণ করেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাস। শেষদিকে তাসকিন আহমেদ ১৯ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংস খেললে বাংলাদেশ চারশ পেরোনোর স্বস্তি পায়।

এর আগে ম্যাচের প্রথম দিনে দলের ভিত্তি গড়ে দিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। শান্ত করেন ১০১ রান, আর মুমিনুল খেলেন ৯১ রানের ইনিংস। তৃতীয় উইকেটে দুজন মিলে গড়েন ১৭০ রানের বড় জুটি। প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৩০১ রান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন