

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চলমান পাকিস্তান সিরিজকে ঘিরে গুঞ্জন উঠেছিল যে দেশে ফিরতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে শেষ পর্যন্ত তিনি সেই সিরিজে অংশ নিতে দেশে আসেননি। এবার নিজেই জানিয়েছেন কবে দেশে ফেরার পরিকল্পনা করছেন এই তারকা ক্রিকেটার।
সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে সাকিব বলেন, তার বিরুদ্ধে থাকা আইনি জটিলতার সমাধান হলেই দ্রুত দেশে ফিরবেন তিনি।
সাকিব আল হাসান বলেন, তিনি দেশে ফেরার বিষয়ে আশাবাদী। তিনি বলেন, বিষয়গুলো এখন মূলত আইনি জটিলতার মধ্যে রয়েছে এবং সেগুলো সমাধানের চেষ্টা চলছে।
তিনি মনে করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ বিষয়ে সহযোগিতাপূর্ণ মনোভাব দেখাচ্ছে। বোর্ড যদি আরও সক্রিয়ভাবে উদ্যোগ নেয়, তাহলে সমস্যাগুলোর সমাধান হয়তো আরও দ্রুত সম্ভব হতে পারে।
তিনি আরও বলেন, আইনি বিষয় হওয়ায় পুরো প্রক্রিয়া কতদিন লাগতে পারে তা তার নিজের পক্ষেও নির্দিষ্ট করে বলা কঠিন। কারণ এমন পরিস্থিতির অভিজ্ঞতা আগে তার হয়নি। তাই আপাতত এসব জটিলতা নিরসনের অপেক্ষায় রয়েছেন তিনি।
সাকিব জানান, আইনি সমস্যাগুলো যত দ্রুত সমাধান হবে, তত দ্রুতই তিনি দেশে ফিরবেন। তার মতে, যেদিন সমস্যার সমাধান হবে, আল্লাহ চাইলে তার পরের দিনই দেশে ফিরতে চান তিনি।
পডকাস্টে আলোচনার এক পর্যায়ে পাকিস্তানের রহস্য স্পিনার উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়েও কথা বলেন সাকিব। তিনি জানান, এর আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) উসমান তারিকের বিপক্ষে খেলেছেন তিনি।
সাকিব বলেন, এই ধরনের বোলারের অ্যাকশনের সঙ্গে মানিয়ে নেওয়া শুরুতে কঠিন হয়। তবে সময় নিয়ে খেলতে থাকলে ধীরে ধীরে তা বোঝা সম্ভব। বিশেষ করে যারা প্রথমবার এমন বোলারের মুখোমুখি হয়, তাদের জন্য বিষয়টি বেশি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়।
তিনি উদাহরণ টেনে বলেন, ক্রিকেটে সময় সময় এমন ব্যতিক্রমী বোলার দেখা যায়। যেমন শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস কিংবা কিংবদন্তি স্পিনার মুথাইয়া মুরালিধরনও তাদের রহস্যময় বোলিংয়ের জন্য ব্যাটসম্যানদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতেন।
সাকিবের মতে, ক্রিকেটে মাঝে মধ্যেই এমন রহস্যময় বোলার উঠে আসে, যাদের বিপক্ষে খেলার জন্য ব্যাটসম্যানদের বাড়তি প্রস্তুতি নিতে হয়।
মন্তব্য করুন
