রবিবার
১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আজও সংসদে ওয়াকআউট করবেন কি না, যা বললেন এ টি এম আজহার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১২:১৮ পিএম
এটিএম আজহারুল ইসলাম
expand
এটিএম আজহারুল ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে আজও বিরোধী দল ওয়াকআউট করবে কি না-এমন প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদের সভাপতিমণ্ডলীর প্যানেলের সদস্য এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, আপাতত তারা সংসদে প্রশ্ন উত্থাপন করবেন। সরকারের জবাবের ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথমে সংসদে বিষয়গুলো উত্থাপন করা হবে। এরপর সরকার কী ধরনের ব্যাখ্যা দেয়, তা দেখে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।

এর আগে গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন পরিচালনার জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী গঠন করা হয়। এতে সরকারি দল বিএনপির চারজন সদস্যের পাশাপাশি জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই রায় বাতিল করে তাকে খালাস দেয়।

বৃহস্পতিবার রেওয়াজ অনুযায়ী দেশি-বিদেশি বিশিষ্টজন, সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সংসদ সদস্যদের স্মরণে সংসদে শোকপ্রস্তাব গৃহীত হয়। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহতদেরও স্মরণ করা হয়।

এ সময় একাত্তরের যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াতে ইসলামীর ছয়জন এবং বিএনপির এক নেতার নামও শোকপ্রস্তাবে যুক্ত করা হয়।

অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা করে জামায়াতে ইসলামীর নেতৃত্বে বিরোধী দলের এমপিরা হট্টগোল ও ওয়াকআউট করেন। ভাষণের শুরুতে জাতীয় সংগীত বাজানোর সময় জামায়াতের অনেক এমপি তাদের আসনে বসেই ছিলেন এবং দাঁড়াননি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন