শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ জিতে কত টাকা পেল ভারত, অন্যরা কত পেলো?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০১:৩৫ এএম
ট্রফি হাতে ভারতীয় ক্রিকেট দলের উদযাপন ।। ছবি: সংগৃহীত
expand
ট্রফি হাতে ভারতীয় ক্রিকেট দলের উদযাপন ।। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসরের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে এক জয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে ভারত। রোববার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ফাইনালে ৯৬ রানের জয় পেয়েছে সূর্য কুমার যাদবের দল। এর আগে ২০০৭ ও ২০২৪ সালেও বিশ্বকাপ জিতেছিল দলটি।

ফাইনালে টস হেরে আগে ব্যাট করতে নেমে ভারত গড়ে তোলে ৫ উইকেটে ২৫৫ রানের বিশাল সংগ্রহ। টি–টোয়েন্টি বিশ্বকাপের কোনো ফাইনালে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় স্কোর। এর আগে ফাইনালে কোনো দল এত রান করতে পারেনি।

২৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কিউইরা। শেষ পর্যন্ত ১৯ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে যায় দলটি। ফলে ৯৬ রানের বড় জয়ে তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় ভারত।

বিশ্বকাপ জয়ের পাশাপাশি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল পেয়েছে বড় অঙ্কের অর্থ পুরস্কারও। এবারের টুর্নামেন্টের জন্য মোট প্রায় ১৩ দশমিক ৫ মিলিয়ন ডলারের পুরস্কার তহবিল ঘোষণা করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৬৪ কোটি টাকা। ২০২৪ সালের আসরের তুলনায় এবার পুরস্কার তহবিল প্রায় ২০ শতাংশ বাড়ানো হয়েছে।

চ্যাম্পিয়ন হওয়া ভারত পেয়েছে প্রায় ৩০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৬ কোটি ৩০ লাখ টাকার সমান। অন্যদিকে রানার্সআপ নিউজিল্যান্ড পেয়েছে প্রায় ১৬ লাখ ডলার, অর্থাৎ প্রায় ১৯ কোটি ৩৬ লাখ টাকা।

এবারের আসরে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা পেয়েছে প্রায় ৭ লাখ ৯০ হাজার ডলার করে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯ কোটি ৬০ লাখ টাকার কাছাকাছি।

সুপার এইট পর্বে ওঠা প্রতিটি দল পেয়েছে প্রায় ৩ লাখ ৮০ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪ কোটি ৬০ লাখ টাকার সমান। আর গ্রুপপর্বে অংশ নেওয়া ২০ দলের মধ্যে যারা প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছে, তারা পেয়েছে প্রায় ২ লাখ ৫০ হাজার ডলার করে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
USA VS Australia
Scheduled
20 Jun, 01:00 AM
VS
World Cup