বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর পোস্ট’, গ্রেপ্তার এনসিপির বহিষ্কৃত নেতা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ১০:৩২ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৪ আগস্ট) রাতে ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে তাকে বগুড়ায় নেওয়া হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

পুলিশ ও মামলার নথি অনুযায়ী, সম্প্রতি সিলেটে এনসিপির একটি পথসভায় হামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে গাজী সালাউদ্দিন তানভীর তাঁর ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। ওই পোস্টে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর, মানহানিকর ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে।

পরে সমালোচনার মুখে পোস্টটি সরিয়ে নিয়ে দুঃখ প্রকাশ করেন তানভীর। তবে এর আগেই পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় গত ৩ আগস্ট বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। মামলায় অভিযোগ করা হয়েছে, ওই পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা তৈরির চেষ্টা করা হয়েছে।

এদিকে ওই পোস্টকে কেন্দ্র করে এর আগেই গাজী সালাউদ্দিন তানভীরকে এনসিপির যুগ্ম সদস্যসচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন