বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘শেখ হাসিনা পালায় না’ শোনে হেসে উঠলেন অর্ধশতাধিক রিকশা চালক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০১:৫৩ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনা পালিয়ে গেছে। শেখ হাসিনা নাই। শেখ হাসিনা চলে গেছে। শেখ হাসিনা পালায় না।’ ২০২৪ এর জুলাই আন্দোলনের মুখে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সে সময়কার এই বক্তব্যগুলো প্রচার করা হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় স্থাপিত একটি ডিসপ্লে বোর্ডে। যা দেখে ডিসপ্লে বোর্ডের সামনে জড়ো হওয়া অর্ধশতাধিক রিকশাচালক হেসে উঠেন।

মঙ্গলবার (৪ আগস্ট) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের বিপরীত পাশের সড়কে পাশে এ দৃশ্য দেখা যায়।

এ সময়, ডিসপ্লে বোর্ডের সামনে জড়ো হওয়া অর্ধশতাধিক রিকশাচালক বক্তব্যটি শুনে হাসিতে ফেটে পড়েন। পরে আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত শিক্ষার্থীদের মরদেহের দৃশ্য প্রদর্শিত হলে তাদের মুখে নেমে আসে গম্ভীরতা। শুধু রিকশাচালকই নন, বিভিন্ন পেশার মানুষও সেখানে থেমে জুলাই আন্দোলনের নানা ঘটনার ভিডিও গভীর মনোযোগ দিয়ে দেখছিলেন।

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিদায়ের দুই বছর ৫ আগস্ট পূর্ণ হচ্ছে। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পট শাহবাগ চারুকলা, ভিসির ভাসভবনের পাশেসহ বিভিন্ন স্থানে ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়েছে।

সরেজমিন দেখা যায়, ডিসপ্লেতে ২০২৪ এর জুলাই মাসের ছাত্র-জনতার আন্দোলন কর্মসূচি ও ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হচ্ছে। জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ এবং বিগত সরকারের নানা অপকর্ম ও দমনপীড়ন জনসাধারণের সামনে তুলে ধরার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পাসের ঐতিহাসিক স্থানগুলোতে স্থাপন করা এসব ডিসপ্লে বোর্ডে ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসের ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলন, বিভিন্ন কর্মসূচি এবং আন্দোলনের দিনগুলোর গৌরবোজ্জ্বল ও রোমহর্ষক মুহূর্তগুলোর ছবি ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি বিগত সরকারের আমলের অনিয়ম, দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন এবং ছাত্র-জনতার ওপর চালানো সহিংসতার চিত্রও এতে স্থান পেয়েছে। ক্যাম্পাসের এসব ডিসপ্লে বোর্ড দেখতে এবং জুলাইয়ের স্মৃতিচারণ করতে শিক্ষক, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এদিকে শুধু ক্যাম্পাসের নির্দিষ্ট ডিসপ্লে বোর্ডই নয়, এর পাশাপাশি বিভিন্ন জনাকীর্ণ স্থানে বা বড় পর্দায়ও আন্দোলন ও বিভিন্ন ঐতিহাসিক ঘটনার প্রামাণ্যচিত্র বা সংবাদ প্রদর্শিত হতে দেখা গেছে। রাতের ফাঁকা রাস্তায় বা মোড়ে বড় ডিসপ্লে স্ক্রিনে এসব প্রামাণ্যচিত্র প্রদর্শনের সময় রিকশাচালক, পথচারীসহ সাধারণ মানুষকে দাঁড়িয়ে অত্যন্ত মনোযোগের সাথে তা উপভোগ করতে দেখা যায়। জুলাই অভ্যুত্থানের সেই দিনগুলোর স্মৃতি সাধারণ মানুষের মাঝে দারুণ আগ্রহ ও আবেগের সৃষ্টি করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন