


ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রসঙ্গে দুই বছর আগে জেনেভায় নিজের সঙ্গে ‘মব’ করার ঘটনা টেনেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল। সে সময় মবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকলেও তা নেননি বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বাঁধনের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ প্রসঙ্গ টানেন তিনি।
আসিফ নজরুল লিখেছেন, ‘আওয়ামী লীগের কিছু কর্মীর কাণ্ড-কীর্তি দেখে বিস্মিত হই। অভিনেত্রী বাঁধনের ওপর আপনারা এভাবে হামলা করতে পারলেন? নিজেরাই তা ফলাও করে প্রচার করলেন, নিজেরাই অকাট্য সাক্ষী রাখলেন!’
হামলাকারীদের সতর্ক করে তিনি বলেন, ‘এখন যদি আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, শূন্য হাতে দেশে ফিরতে হবে। সেটা আপনাদের জন্য ভালো হবে? আপনাদের পরিবারের জন্য বিষয়টা ভালো হচ্ছে?’
আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশে আসিফ নজরুল প্রশ্ন তোলেন, ‘ভাই, কার জন্য করেন এসব? নতুন বেশে সজীব ওয়াজেদ জয়কে দেখে? আপনারা সত্যি বিশ্বাস করেন, তার বা তার মায়ের হৃদয় কাঁদে আপনাদের জন্য? সত্যি বিশ্বাস করেন, আপনাদের ভাগ্য বদলে দিতে পারেন তারা? সত্যি বিশ্বাস করেন, আপনাদের করুণ পরিণতি হলে কোনো সাহায্য করবেন তারা?’
তিনি বলেন, ‘নিজেকে বিপন্ন করার ও দেশের সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা বাদ দেন। দলকে ভালোবাসলে আপনারা নিয়মতান্ত্রিকভাবে বিদেশে কাজ করেন।’
বাংলাদেশের মানুষ কেন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে রুখে দাঁড়িয়েছিল, তা গোপনে হলেও বোঝার চেষ্টা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দলের স্বার্থপর নেতাদের প্রশ্ন করেন।’
এরপর নিজের দুই বছর আগের ঘটনার প্রসঙ্গ টেনে আসিফ নজরুল লেখেন, ‘সবচেয়ে আগে নিজেকে নিরাপদ রাখেন। ২ বছর আগে জেনেভায় আমার ওপর মব করার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল আমার। আমি নেইনি। কিন্তু এরপর আপনাদের কেউ কেউ আরও অনেক বেশি নোংরা ও বেপরোয়া হয়েছেন।’
সবশেষে তিনি বলেন, ‘এসব সহ্য করার মতো নয়।’
এর আগে সোমবার (০৭ সেপ্টেম্বর) ইতালির ভেনিস শহরে অভিনেত্রী আজমেরী হক বাঁধন, তার ভাই ও ভাইয়ের স্ত্রী এবং তাদের সন্তানরা বিতাড়িত আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) কর্মীদের দারা মারধর ও হেনস্তার শিকারের অভিযোগ ওঠে।
বাঁধনের অভিযোগ, ভেনিসে একদল বাঙালি তাকে ঘিরে শারীরিকভাবে হেনস্তা করে এবং তার ওপর পানি ও কোমল পানীয় ছুড়ে মারে। এ সময় তার সঙ্গে থাকা ভাইয়ের শিশুসন্তানও সেখানে ছিল বলে জানান তিনি।
সোমবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে ঘটনার বিস্তারিত জানান বাঁধন। এ ঘটনায় ভেনিসের একটি থানায় তিনি অভিযোগ করেছেন বলেও জানা গেছে। জানা যায়, তিনি ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত 'দ্য ডিফিকাল্ট ব্রাইড' সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে গেছেন।
বাঁধনের ওপর হামলার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে হামলাকারীদের একজনকে বাঁধনকে উদ্দেশ করে বলতে শোনা যায়, ‘তিনি একজন ‘জুলাই জঙ্গি’। ওই ব্যক্তিকে আরও বলতে শোনা যায়, ‘সে এখন ভেনিসে, আমরা ভেনিস ছাত্রলীগ এই দেশদ্রোহী জঙ্গিকে ধরেছি।’
ভিডিওতে বাঁধনকে ‘দেশকে ধ্বংস করেছে’, এমন অভিযোগ তুলে হেনস্তা করতে দেখা যায় বলেও অভিযোগ উঠেছে। এ সময় তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বাধ্য করার চেষ্টা করা হয় বলে জানান অভিনেত্রী।
ফেসবুক লাইভে বাঁধন বলেন, ‘আমি আমার ভাইয়ের সঙ্গে পার্কে গিয়েছিলাম। কিন্তু এখানে অনেক বাঙালি ভাই এসে আমাকে শারীরিকভাবে হেনস্তা করেছে। আমার গায়ে পানি, কোক, এগুলো ছুড়ে মারছে। আমি একদম ভিজে গেছি।’
তিনি বলেন, ‘আমার সঙ্গে আমার ভাইয়ের ছোট বাচ্চাটাও ছিল। তারা আমার গায়েও হাত তুলেছে, আমার ফোন ফেলে দিয়েছে, আমার কানের এখানে বাড়ি মেরেছে।’
ঘটনার বর্ণনা দিতে গিয়ে বাঁধন বলেন, হামলাকারীরা তাকে ‘জুলাই যোদ্ধা’ বলে অভিহিত করেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি জুলাই যোদ্ধা। ইয়েস, আই অ্যাম। আমি অবশ্যই জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছি... একজন আজমেরী হক বাঁধনকে দমানো এত সহজ হবে না।’
বাঁধনের ভাষ্য, হামলাকারীরা কয়েকজন নিজেদের আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও ছাত্রলীগের (নিষিদ্ধ) কর্মী ও বঙ্গবন্ধুর সৈনিক বলে পরিচয় দেন এবং তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বাধ্য করেন। এসব কর্মকাণ্ড তারা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভও প্রচার করছিলেন বলে অভিযোগ করেন বাঁধন।
বাঁধন আরও জানান, আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) কর্মীদের অনেকে হয়তো জানেন না, তিনি বাংলাদেশ থেকে যে সিনেমাটি নিয়ে ভেনিস চলচ্চিত্র উৎসবে এসেছেন, সেটির পরিচালক রুবাইয়াত হোসেন। তার সঙ্গে তিনি কাজ করেছেন এবং জুলাইয়ের আন্দোলনের পরও কাজ করেছেন বলে জানান অভিনেত্রী।
হামলাকারীদের উদ্দেশে বাঁধন বলেন, ‘আপনারা যে কাজটা আজকে করেছেন, আমি বলব যে আপনাদের এই ধরনের অসংলগ্ন আচরণ থেকে বের হয়ে আসা উচিত ছিল, যেটা আপনারা করতে পারেননি। আপনারা ভেবেছেন, এভাবে করেই হয়তো পরবর্তীকালে নিজেদের জায়গাটা ফের সুগঠিত করতে পারবেন। সেটা আমার মনে হচ্ছে না।’
ভিডিও বার্তায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের কথাও উল্লেখ করেন বাঁধন। ভিডিওতে তিনি জানান, সজীব ওয়াজেদ জয়ও ভেনিসে আছেন বলে তিনি জেনেছেন। তার কাছে ঘটনাটি পৌঁছে দেওয়ার কথাও বলেন অভিনেত্রী।