

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর গত ২১ মার্চ পালিত হয়েছে। এখন সবার অপেক্ষা আরেকটি বড় উৎসব ঈদুল আজহার জন্য, যা কোরবানির ঈদ নামেও পরিচিত। এ উপলক্ষে সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে আরব আমিরাতভিত্তিক একটি সংবাদমাধ্যম।
সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী এবার ঈদুল আজহাকে কেন্দ্র করে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা টানা কয়েক দিনের ছুটি পেতে পারেন, যা প্রায় ছয় দিনে গড়াতে পারে।
ঈদুল আজহা ইসলাম ধর্মের দুটি প্রধান উৎসবের একটি এবং এটি ঈদুল ফিতরের পর দ্বিতীয় বৃহত্তম উৎসব। ইসলামি চান্দ্র বর্ষপঞ্জির শেষ মাসে এই ঈদ উদযাপিত হয়। ত্যাগের প্রতীক হিসেবে এই দিনটি হযরত ইব্রাহিম (আ.)-এর আল্লাহর নির্দেশ পালনের স্মৃতিকে স্মরণ করে পালিত হয়। এদিন মুসলমানরা নামাজ আদায়, দান-সদকা এবং পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর মাধ্যমে উৎসবটি উদযাপন করেন।
জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, আরব আমিরাতে ২৬ মে (মঙ্গলবার) আরাফাত দিবস পালিত হতে পারে এবং পরদিন ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদযাপনের সম্ভাবনা রয়েছে। ঈদের তৃতীয় দিন পর্যন্ত অর্থাৎ ২৯ মে (শুক্রবার) পর্যন্ত উৎসব চলতে পারে।
সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে এই সময়টিতে দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে আগেভাগে ভ্রমণ পরিকল্পনা ও বুকিংয়ের আগ্রহও বাড়তে পারে। তবে চূড়ান্ত তারিখ নির্ধারণ হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে।
যদি এই পূর্বাভাস সঠিক হয়, তাহলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সাধারণত একদিন পর ঈদ উদযাপিত হয়, সে হিসেবে ২৮ মে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখানেও চাঁদ দেখার ওপরই চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে।
মন্তব্য করুন
