বুধবার
০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০১:০১ এএম আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ১২:৫৯ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি ও কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (১ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সংস্থাটি জানিয়েছে, দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা হাওয়া বইতে পারে। এর সঙ্গে থাকতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি, কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

যেসব অঞ্চলকে এই সতর্কতার আওতায় আনা হয়েছে, সেগুলো হলো: রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদেরা বলছেন, এই পরিস্থিতির পেছনে রয়েছে আঞ্চলিক আবহাওয়ার কিছু পরিবর্তন। ভারতের পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় রয়েছে। একই সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরেও মৌসুমি লঘুচাপের উপস্থিতি আছে, যা আবহাওয়াকে অস্থিতিশীল করে তুলছে।

এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

তবে বৃষ্টির এই প্রবণতার মধ্যেও তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন