বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
expand

শরিয়াহর সঙ্গে সাংঘর্ষিক কোনো বিধান থাকলে সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল প্রত্যাহার এবং সংশ্লিষ্ট আইন প্রণয়নে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার দাবি জানিয়েছে খেলাফত মজলিস। একই সঙ্গে সরকারি নিয়োগে মেধা ও স্বচ্ছতা নিশ্চিত করে দুর্নীতি, তদবির ও স্বজনপ্রীতির সুযোগ বন্ধের দাবি জানিয়েছে দলটি।

বুধবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সরকারের প্রতি এসব দাবি জানান খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।

খেলাফত মজলিসের মরহুম নায়েবে আমির মাওলানা সায়্যিদ ফেরদাউস বিন ইসহাকের জীবন ও কর্ম নিয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন। আলোচনা করেন নায়েবে আমির অধ্যাপক আব্দুল্লাহ ফরিদ, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আব্দুল জলিল এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন।

ড. আহমদ আব্দুল কাদের বলেন, আইন মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার অন্যতম মাধ্যম। মুসলমানদের সম্পত্তি হস্তান্তর, হেবা ও উত্তরাধিকারের মতো স্পর্শকাতর বিষয়ে ইসলামী শরিয়াহর বিধান উপেক্ষা করে আইন প্রণয়ন করা হলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সমাজে অস্থিরতা তৈরি হতে পারে।

তিনি বলেন, জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন বা সংশোধনের ক্ষেত্রে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট আইন বিশেষজ্ঞ ও আলেম-উলামাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সরকারি নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন খেলাফত মজলিস মহাসচিব। তিনি বলেন, নিয়োগ পরীক্ষার লিখিত ও মৌখিক দুই ধাপেই এমন কোনো সুযোগ রাখা যাবে না, যা দুর্নীতি, তদবির বা স্বজনপ্রীতিকে উৎসাহিত করে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার পাশাপাশি অনিয়মের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

স্মরণসভায় বক্তারা মাওলানা সায়্যিদ ফেরদাউস বিন ইসহাকের জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, ইসলামী আদর্শ, দ্বীনি দাওয়াত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। ছাত্রজীবন থেকেই খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। তাঁর নিষ্ঠা, নৈতিকতা ও আপসহীন ভূমিকা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

অনুষ্ঠানে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আলেম-উলামা, ইসলামী চিন্তাবিদ, মরহুমের শুভাকাঙ্ক্ষী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank