

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর লালবাগ এলাকার একটি বাসা থেকে তৌহিদা হোসেন তিশা (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে লালবাগের পিসি দাস স্ট্রিট লেনের একটি বাসার পঞ্চম তলা থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত তৌহিদা হোসেন তিশা গৃহিণী ছিলেন। স্বামী মনির হোসেন ও দুই সন্তানকে নিয়ে লালবাগের ওই বাসাটিতে থাকতেন। তার স্বামী মনির পেশায় পাঠাওয়ের চালক।
লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন গৃহবধূর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে তৌহিদা হোসেন তিশা নামে ওই গৃহবধূর পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া হয়। পরবর্তীতে দুপুরের দিকে নিজের রুমে ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ফাঁস নেন তিনি। বিষয়টি দেখতে পেয়ে স্বজনরা পুলিশকে খবর দিলে বাসাটিতে গিয়ে ওই গৃহবধূর নিথর দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ময়নাতদন্তের জন্য ইতোমধ্যে নিহত ওই গৃহবধূর মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

