বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংগীতশিল্পীর গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পিএম
অ্যামি ভির্ক
expand

বিদেশে কনসার্ট শেষে ফেরার পথে ভয়াবহ হামলার শিকার হয়েছেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও বলিউড অভিনেতা অ্যামি ভির্ক। ভাগ্যক্রমে তার গাড়িটি বুলেটপ্রুফ হওয়ায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন এই তারকা। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

ঘটনাটি ঘটেছে গত ৫ সেপ্টেম্বর রাতে, কানাডার ব্রিটিশ কলম্বিয়ায়। সেখানে একটি শো শেষ করে নিজের গাড়িতে ফিরছিলেন অ্যামি। পথিমধ্যে আচমকাই একটি কালো রঙের এসইউভি থেকে তাকে বহনকারী গাড়িটি লক্ষ্য করে ৭ রাউন্ড গুলি ছোড়ে অজ্ঞাতপরিচয় ঘাতক।

তবে বুলেটপ্রুফ গাড়ির কারণে ভেতরে থাকা কারও কোনো ক্ষতি হয়নি। হামলার পরপরই দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

কী কারণে বা কারা এই হামলা চালিয়েছে, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। পুলিশ এরই মধ্যে ঘটনার মোটিভ ও জড়িতদের শনাক্ত করতে জোর তদন্ত শুরু করেছে। তদন্তকারী কর্মকর্তাদের ধারণা, হামলাকারীদের ওই কালো গাড়িটির সূত্র ধরেই অপরাধীদের কাছে পৌঁছানো সম্ভব হবে।

এদিকে, ছেলের ওপর এমন প্রাণঘাতী হামলায় বেশ উদ্বিগ্ন অ্যামির পরিবার। তবে তার বাবা কুলজিৎ সিং জানিয়েছেন, কারও সঙ্গেই তার ছেলের কোনো ধরনের শত্রুতা নেই। তাই এমন হামলার কারণ তাদের কাছে একেবারেই অজানা।

প্রাণহানির মতো বড় কোনো অঘটন না ঘটায় আপাতত স্বস্তি প্রকাশ করেছেন অভিনেতার পরিবার ও ঘনিষ্ঠজনেরা। তবে পুরো বিষয়টি নিয়ে অ্যামি ভির্ক নিজে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank