

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানী ঢাকার দুইটি সিটি নির্বাচনের মেয়র প্রার্থীদের নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে জোটগতভাবে নির্বাচন করবে না বলে ইতোমধ্যে জানিয়ে দিয়েছে।
দলীয় একাধিক মনোনয়ন-প্রত্যাশী না থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে সবার আগেই অনানুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থী ঘোষণা করেছে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মধ্যে ঢাকা উত্তরে মনোনয়ন পেয়েছেন মহানগর আমির সেলিম উদ্দিন। তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসন থেকে দলটির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পাওয়ার পরপরই তিনি নির্বাচনি এলাকায় গণসংযোগ শুরু করেছেন। নিজের ছবি সংবলিত পোস্টারের মাধ্যমে ভোটারদের দোয়া কামনা করছেন। যোগ দিচ্ছেন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে।
অপরদিকে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে অনানুষ্ঠানিকভাবে জামায়তের মেয়র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রী সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। দলটির নেতারা মনে করেন, ডাকসু নির্বাচনে জনপ্রিয়তার ধারাবাহিকতায় এখানেও তিনি সাড়া ফেলতে সক্ষম হবেন। এরই মধ্যে তাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন তার সমর্থকরা। বিভিন্ন অনুষ্ঠানেও যোগ দিচ্ছেন তিনি।
এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘‘দুই সিটিতে আমাদের আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা না হলেও মূলত তারাই প্রার্থী। মহানগর থেকে তাদেরকে বাছাই করা হয়েছে। তারপরও কেন্দ্রের পক্ষ থেকে চূড়ান্তভাবে তাদের নাম ঘোষণা হবে।’’ তিনি বলেন, ‘‘দুই প্রার্থীই ব্যাপক জনপ্রিয়। দুই জনই ছাত্র নেতৃত্বের ফসল। তাই তরুণদের মধ্যে তাদের আলাদা একটি গ্রহণযোগ্যতা রয়েছে।’’
তিনি মনে করেন, সরকারের ব্যর্থতার কারণে জামায়াত মনোনীত প্রার্থীদেরকে বেছে নেবেন ভোটাররা।

