

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খল চরিত্রের অভিনেতা আশরাফুল হক ডনকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর মজিবুর রহমান ডনকে আবারও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে জানিয়ে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, রিমান্ডে ডন গুরুত্বপূর্ণ কিছু তথ্য গোপন করেছেন। তবে সালমান শাহর মৃত্যুর সঙ্গে তার সম্পৃক্ততা নিয়ে বেশ কিছু তথ্য-প্রমাণ পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে।
গত ৯ আগস্ট বিদেশ যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ২৭ আগস্ট তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল।
মামলার তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে ডন ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তার সঙ্গে একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। মামলার এজাহারভুক্ত পলাতক আসামিদের বিষয়ে তিনি অনেক তথ্য জানলেও জিজ্ঞাসাবাদে তা গোপন করছেন বলে অভিযোগ করা হয়েছে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান চিত্রনায়ক সালমান শাহ। তার মৃত্যু আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—এ নিয়ে দীর্ঘদিন ধরে আইনি ও তদন্ত প্রক্রিয়া চলছে। একাধিক তদন্তে আত্মহত্যার কথা বলা হলেও সালমানের পরিবারের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়েছে। সর্বশেষ আদালতের নির্দেশে তার মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়।

