বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে ঝাল মুড়ি বিক্রির জায়গা দখল নিয়ে সংঘর্ষ, আহত ২০

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
expand

কিশোরগঞ্জের ভৈরবে ঝাল মুড়ি বিক্রির জায়গা দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আদর্শপাড়া এলাকার যুবকদের সঙ্গে গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি এলাকার যুবকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ।

সংঘর্ষে আহত জুনায়েদ মিয়া (৩০), সাব্বির আহমেদ (২২), লাল মিয়া (১৫), কামরুল হোসেন (৩৫), ইমন মিয়া (২১), জুয়েল মিয়া (৩০) ও হৃদয় মিয়া (১৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে কামরুল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া ওমর ফারুক (১৮), সজীব মিয়া (১৯)সহ অন্যরা বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আটককৃতরা চারজন হলেন- বাঁশগাড়ি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. আতাউর (৩৪), একই এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে মো. কবির হোসেন (৩৮), আদর্শপাড়া এলাকার মৃত আউয়াল মিয়ার ছেলে শুভ মিয়া (১৮) ও তার ভাই রকি মিয়া (২০)।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে কালিকাপ্রসাদের আদর্শপাড়া গ্রামের আরমান মিয়া ঝাল মুড়ি বিক্রি করতে বাঁশগাড়ি বালুর মাঠে যান। এ সময় গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি এলাকার ফুচকা বিক্রেতা কবীর মিয়ার সঙ্গে ফুচকা ও ঝাল মুড়ি বিক্রির জায়গা দখল নিয়ে তার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে দুইজনের দ্বন্দ্ব দুই গ্রামে ছড়িয়ে পড়ে। পরে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। ওই দিন আরমান মিয়াসহ পাঁচজন আহত হন। পরে স্থানীয়দের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার বিকেলে একই ঘটনার জেরে দুই গ্রামের লোকজন ইট-পাটকেল, লাঠিসোঁটা ও টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিন রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হন। পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থল থেকে দুই এলাকার চারজনকে আটক করা হয়।

আদর্শপাড়া এলাকার ঝাল মুড়ি বিক্রেতা আরমান মিয়া বলেন, তিনি বাঁশগাড়ি বালুর মাঠে ঝাল মুড়ি বিক্রি করতে গেলে অন্য ব্যবসায়ীরা বাধা দেন। এমনকি ওই এলাকার লোকজন ঝাল মুড়ি খেয়ে টাকা কম দিয়ে হয়রানি করেন। এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে আমাকে কয়েকজনকে মারধর করে। পরে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়।

বাঁশগাড়ি এলাকার ফুচকা বিক্রেতা কবীর মিয়া বলেন, বালুর মাঠে অনেক বড় জায়গা রয়েছে। আরমান তাকে জায়গা দিতে বললে তিনি নির্ধারিত জায়গা দিতে চেয়েছিলেন। পরে আরমান সেখানে না এসে অন্য জায়গায় ঝাল মুড়ি বিক্রি করেন। সেখানে ঝাল মুড়ি বিক্রির টাকা কম দেওয়া নিয়ে দ্বন্দ্ব হয়। পরে তিনি বিভিন্ন অভিযোগ নিয়ে এলাকার মানুষের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ বাধে।

ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যতটুকু জানা গেছে, ঝাল মুড়ি বিক্রির জায়গা নিয়ে ফুটবল খেলার মাঠে সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank