

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬ এবং জরুরি প্রয়োজনে সার ডিলার নিয়োগের পরিপত্রের কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) করা আবেদন ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।
বিএফএর দায়ের করা রিট পিটিশনের শুনানি শেষে গত ৩ সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, কৃষি মন্ত্রণালয় সম্প্রতি সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬ এবং জরুরি প্রয়োজনে সার ডিলার নিয়োগের জন্য একটি পরিপত্র জারি করে। নীতিমালার কয়েকটি বিধান বিদ্যমান সার ডিলার, কৃষক ও সংশ্লিষ্ট অংশীজনদের স্বার্থের পরিপন্থী, অসঙ্গতিপূর্ণ ও বেআইনি দাবি করে তা স্থগিতের জন্য গত ১ সেপ্টেম্বর কৃষি মন্ত্রণালয়ে আবেদন করে বিএফএ।
তবে ওই আবেদনের বিষয়ে মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত না পাওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয় সংগঠনটি। গত ১ সেপ্টেম্বর এ বিষয়ে হাইকোর্টে রিট পিটিশন (নং-১২৫৩১/২০২৬) দায়ের করা হয়।
রিটের শুনানি শেষে আদালত নির্দেশ দেন, ১ সেপ্টেম্বর দাখিল করা আবেদনটি আদালতের আদেশ পাওয়ার ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। এ সময়ের মধ্যে সার ডিলার নিয়োগের কার্যক্রম স্থগিত রেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে বিএফএ।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কৃষি মন্ত্রণালয়ের সচিবকে চিঠিও দিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন।

