

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার অভিযোগের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে কঠোর বক্তব্য দিয়েছেন দলটির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে তিনি এই ঘটনার জন্য বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়ী করে রাজনৈতিকভাবে মোকাবিলার কথা জানিয়েছেন।
শুক্রবার (৩১ জুলাই) রাতে হামলার ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এনসিপির এই নেতা।
ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, জৈন্তাপুরে সমাবেশে ব্যাপক জনসমাগম হয়েছিল। রাত প্রায় ১০টার দিকে কর্মসূচি শেষ করে বহর নিয়ে রওনা দেওয়ার তিন থেকে চার মিনিটের মধ্যেই চলন্ত গাড়িতে বিকট শব্দে একটি বড় ইট এসে আঘাত করে। প্রথমে ইটের আঘাতে গাড়ির গ্লাস ভেঙে আমার সঙ্গে থাকা এক সহযোগী গুরুতর আহত হন। পরে একই ইট আমার হাতেও আঘাত করে। ইটটি এখনো গাড়ির ভেতরে রয়েছে এবং ঘটনাস্থলের সব আলামত সংরক্ষিত আছে।
তিনি বলেন, আজকে আমার রক্ত ঝরেছে। এ জন্য তারেক রহমানকে কাফফারা দিতে হবে। আপনি একটি বড় ভুল করেছেন। আমার হাতে এখনো ইটের আঘাতের দাগ রয়েছে। ইটটি যদি মাথায় লাগত, তাহলে হয়তো আজ আমি বেঁচে থাকতাম না। আমি এটিকে আমার ওপর সরাসরি হত্যাচেষ্টা হিসেবে দেখছি।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, শেখ হাসিনা আমাদের রিমান্ডে নিয়েছিলেন। পরে তিনি তার রাজনৈতিক মূল্য দিয়েছেন। তারেক রহমান, আপনিও একটি বড় ভুল করেছেন। এ ভুলের কাফফারা আপনাকে দিতেই হবে। আপনি আমার রক্ত ঝরিয়েছেন। এর রাজনৈতিক জবাব রাজপথেই দেওয়া হবে।
হামলার পেছনে বিএনপি নেতা ইশরাক হোসেন ও রাশেদ খানের উসকানি রয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, আজ ইশরাক উসকানি দিয়েছেন, রাশেদ খান উসকানি দিয়েছেন। আমি আমার জীবন নিয়ে শঙ্কিত। আমি নিরাপদ নই। আমাদের সঙ্গে পুলিশ প্রটোকল ছিল। পুলিশ তাৎক্ষণিকভাবে চেষ্টা করেছে, তাই তাদের ওপর সরাসরি দোষ দিচ্ছি না। কিন্তু আজকের মশাল মিছিলের পরপরই আমার ওপর এই হামলা হয়েছে।
তিনি ঘোষণা দিয়ে বলেন, আমি এই ঘটনায় কোনো আদালতে যাব না, কোনো আইনি ব্যবস্থা নেব না। প্রশাসনের দ্বারস্থও হব না। রাজনৈতিকভাবেই এর মোকাবিলা করা হবে।