সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘হামজাই বার্সেলোনার ভবিষ্যৎ’

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০৯:৪৮ পিএম আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১০:২০ পিএম
সাবেক বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ ।। ছবি: সংগৃহীত
expand
সাবেক বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ ।। ছবি: সংগৃহীত

বার্সেলোনার হয়ে প্রথম ম্যাচেই জোড়া গোল করে নজর কেড়েছেন মিশরের তরুণ ফরোয়ার্ড হামজা আবদেলকারিম। প্রাক্-মৌসুমের প্রস্তুতি ম্যাচে বার্মিংহাম সিটির বিপক্ষে দারুণ অভিষেকের পর এবার তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ক্লাবটির সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ।

মিশরের ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘অন স্পোর্ট ম্যাক্স’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বার্তোমেউ বলেন, হামজা শুধু প্রতিভাবানই নন, তাঁর মানসিকতা এবং ফুটবলের প্রতি নিবেদনও অসাধারণ। তার বিশ্বাস, এই গুণগুলোই ভবিষ্যতে বার্সেলোনার আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সাহায্য করবে তরুণ এই ফুটবলারকে।

বার্তোমেউর ভাষায়, ‘হামজা আবদেলকারিমের মধ্যে অসাধারণ সম্ভাবনা রয়েছে। সে ক্লাবের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠতে পারে। সবচেয়ে বড় বিষয় হলো, তার পরিশ্রম করার মানসিকতা এবং উন্নতির ক্ষুধা তাকে আরও অনেক দূর নিয়ে যেতে পারে।’

সাক্ষাৎকারে হামজার পাশাপাশি উঠে আসে মিশরের আরেক তারকা মোহাম্মদ সালাহর প্রসঙ্গও। বার্তোমেউ জানান, তাঁর দায়িত্বকালে সালাহকে দলে নেওয়ার আগ্রহ ছিল বার্সেলোনার। তবে সে সময়ের বাস্তবতা সেই পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দেয়নি।

তিনি বলেন, বিশ্বের সেরা ফুটবলারদের দলে ভেড়ানোই তখন ক্লাবের লক্ষ্য ছিল এবং সালাহও সেই তালিকায় ছিলেন। তবে লিভারপুলে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও বার্সেলোনার আক্রমণভাগে তখন লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজ একসঙ্গে খেলছিলেন। ফলে টেকনিক্যাল এবং কৌশলগত কারণে নতুন একজন তারকা ফরোয়ার্ডকে দলে নেওয়া কঠিন হয়ে পড়েছিল।

বার্সেলোনার বিখ্যাত ‘এমএসএন’ ত্রয়ীর উপস্থিতিকেই সালাহকে না পাওয়ার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন সাবেক এই সভাপতি।

এদিকে হামজা আবদেলকারিমের উত্থান কাতালান ক্লাবটির সমর্থকদের মধ্যেও নতুন আশার সঞ্চার করেছে। বার্সেলোনার যুব একাডেমি ও বার্সা আতলেতিক পেরিয়ে মূল দলে জায়গা করে নেওয়া এই ১৮ বছর বয়সী ফরোয়ার্ড প্রথম সুযোগেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। তার এমন শুরু ভবিষ্যৎ নিয়ে প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে, আর বার্তোমেউর প্রশংসা সেই আলোচনাকে আরও জোরালো করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন