

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ডিজিটাল সংবাদমাধ্যমের প্রতিযোগিতাপূর্ণ অঙ্গনে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে অনলাইন সংবাদমাধ্যম ‘এনপিবি নিউজ’। আনুষ্ঠানিক যাত্রা শুরুর মাত্র ৯ মাসের মধ্যে ফেসবুক ও ইউটিউব মিলিয়ে প্ল্যাটফর্মটির অনুসারীর (ফলোয়ার) সংখ্যা ৬ মিলিয়নে পৌঁছেছে, যা দেশের যেকোনো সংবাদমাধ্যমের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন।
এ উপলক্ষে রোববার (০২ আগস্ট) সন্ধ্যায় রাজধানীতে এনপিবি নিউজের কার্যালয়ে কেক কেটে ৬ মিলিয়ন ‘ফলোয়ার’ অর্জনের এ সাফল্য উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর (সুমন), এশিয়া পোস্টের সম্পাদক পলাশ মাহমুদ এবং সময়ের আলোর মাল্টিমিডিয়া ইনচার্জ সাঈদ রহমান। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের ডিজিটাল বিভাগের প্রধান, করপোরেট ব্যক্তিত্ব এবং এনপিবি নিউজের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘এখন ডিজিটাল গণমাধ্যমের সময়। মানুষের সংবাদ গ্রহণের ধরণ দ্রুত বদলে যাচ্ছে। এ বাস্তবতায় দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে ডিজিটাল গণমাধ্যমগুলো আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন বলেন, ‘বর্তমান সময়ে মানুষের প্রধান সংবাদমাধ্যম হয়ে উঠছে ডিজিটাল প্ল্যাটফর্ম। তাই দ্রুত ও নির্ভুল তথ্য পরিবেশনের পাশাপাশি বস্তুনিষ্ঠতা ও বিশ্বাসযোগ্যতা ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
এশিয়া পোস্টের সম্পাদক পলাশ মাহমুদ বলেন, ‘দ্রুত বর্ধনশীল ডিজিটাল গণমাধ্যমগুলোর মধ্যে এনপিবি নিউজ অন্যতম। অল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠানটি পাঠক-দর্শকের আস্থা অর্জন করে উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে।’
এনপিবি নিউজের সম্পাদক আল হাদী বলেন, ‘এই যাত্রা শুধু সংখ্যার গল্প নয়; এটি দর্শকের আস্থা, নির্ভরযোগ্য সংবাদ পরিবেশন, সময়োপযোগী উপস্থাপনা এবং ধারাবাহিক পরিশ্রমের প্রতিফলন। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ দ্রুত ও দায়িত্বশীলভাবে দর্শকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এনিপিবি নিউজ কাজ করে যাচ্ছে।’
এনপিবি নিউজের হেড অব ডিজিটাল আকরাম হোসেন বলেন, ‘ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতিনিয়ত দর্শকের চাহিদা ও কনটেন্ট গ্রহণের ধরণ পরিবর্তিত হচ্ছে। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে তথ্যভিত্তিক সংবাদ, ভিডিও রিপোর্ট, সাক্ষাৎকার, বিশ্লেষণধর্মী আয়োজন এবং ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের মাধ্যমে এনিপিবি নিউজ নিজস্ব অবস্থান আরও শক্তিশালী করেছে।’
তিনি আরও বলেন, ‘মাত্র ৯ মাসে ৬ মিলিয়ন অনুসারীর এই অর্জন প্রমাণ করে, মানসম্মত ও বিশ্বাসযোগ্য কনটেন্টের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। এই সাফল্যের পেছনে প্রতিষ্ঠানের প্রতিটি সংবাদকর্মী, ভিডিও টিম, প্রযুক্তি বিভাগ, প্রশাসনিক কর্মী এবং সর্বোপরি কোটি দর্শক ও শুভানুধ্যায়ীদের অবদান রয়েছে।’
উল্লেখ্য, ২০২৫ সালের ১১ অক্টোবর ‘সত্য, সরাসরি, সবার আগে’ স্লোগানকে ধারণ করে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এনপিবি নিউজ। ডিজিটাল এই গণমাধ্যমে অনলাইন ও মাল্টিমিডিয়া—উভয় প্ল্যাটফর্মে নিয়মিত সংবাদ প্রকাশ ও সম্প্রচার করা হয়।
সংবাদের পাশাপাশি এনপিবি নিউজ নিয়মিত আয়োজন করছে টকশো ও বিশেষায়িত অনুষ্ঠান। এর মধ্যে রয়েছে— ‘প্রশ্নের মুখোমুখি’, ‘এনপিবি পডকাস্ট’, ব্যবসাবিষয়ক ‘বিজনেস পালস’ ও ‘এনপিবি বিল্ড টক বাংলাদেশ’, বিনোদনভিত্তিক ‘তারার রং’ এবং ‘এনপিবি গানে গানে’।
বর্তমানে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতিদিন গড়ে ৪ থেকে ৫ কোটি পাঠক-দর্শক এনপিবি নিউজের সংবাদ ও অনুষ্ঠান উপভোগ করছেন, যা দেশের অন্যতম দ্রুত বর্ধনশীল ডিজিটাল সংবাদমাধ্যম হিসেবে এর অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।