

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেছেন, সিলেটের জৈন্তাপুরে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে ফেরার পথে তার গাড়িবহরে হামলা চালানো হয়েছে। তিনি এ ঘটনাকে নিজের ওপর ‘হত্যাচেষ্টা’ আখ্যা দিয়ে এর রাজনৈতিক জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন।
শুক্রবার (৩১ জুলাই) রাত পৌনে ১২টার দিকে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী এ দাবি করেন।
তিনি বলেন, জৈন্তাপুরে সমাবেশে ব্যাপক জনসমাগম হয়েছিল। রাত প্রায় ১০টার দিকে কর্মসূচি শেষ করে বহর নিয়ে রওনা দেওয়ার তিন থেকে চার মিনিটের মধ্যেই চলন্ত গাড়িতে বিকট শব্দে একটি বড় ইট এসে আঘাত করে। প্রথমে ইটের আঘাতে গাড়ির গ্লাস ভেঙে আমার সঙ্গে থাকা এক সহযোগী গুরুতর আহত হন। পরে একই ইট আমার হাতেও আঘাত করে। ইটটি এখনো গাড়ির ভেতরে রয়েছে এবং ঘটনাস্থলের সব আলামত সংরক্ষিত আছে।
তিনি বলেন, আজকে আমার রক্ত ঝরেছে। এ জন্য তারেক রহমানকে কাফফারা দিতে হবে। আপনি একটি বড় ভুল করেছেন। আমার হাতে এখনো ইটের আঘাতের দাগ রয়েছে। ইটটি যদি মাথায় লাগত, তাহলে হয়তো আজ আমি বেঁচে থাকতাম না। আমি এটিকে আমার ওপর সরাসরি হত্যাচেষ্টা হিসেবে দেখছি।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, শেখ হাসিনা আমাদের রিমান্ডে নিয়েছিলেন। পরে তিনি তার রাজনৈতিক মূল্য দিয়েছেন। তারেক রহমান, আপনিও একটি বড় ভুল করেছেন। এ ভুলের কাফফারা আপনাকে দিতেই হবে। আপনি আমার রক্ত ঝরিয়েছেন। এর রাজনৈতিক জবাব রাজপথেই দেওয়া হবে।
হামলার পেছনে বিএনপি নেতা ইশরাক হোসেন ও রাশেদ খানের উসকানি রয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, আজ ইশরাক উসকানি দিয়েছেন, রাশেদ খান উসকানি দিয়েছেন। আমি আমার জীবন নিয়ে শঙ্কিত। আমি নিরাপদ নই। আমাদের সঙ্গে পুলিশ প্রটোকল ছিল। পুলিশ তাৎক্ষণিকভাবে চেষ্টা করেছে, তাই তাদের ওপর সরাসরি দোষ দিচ্ছি না। কিন্তু আজকের মশাল মিছিলের পরপরই আমার ওপর এই হামলা হয়েছে।
তিনি ঘোষণা দিয়ে বলেন, আমি এই ঘটনায় কোনো আদালতে যাব না, কোনো আইনি ব্যবস্থা নেব না। প্রশাসনের দ্বারস্থও হব না। রাজনৈতিকভাবেই এর মোকাবিলা করা হবে।
এনসিপির এই নেতা দাবি করেন, হামলায় সিলেটে তাদের পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং একজন কর্মীর একটি চোখ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
তিনি বলেন, আমার শরীর থেকে যে রক্ত ঝরেছে, তার হিসাব আমি কড়ায়-গণ্ডায় বুঝে নেব। পরিস্থিতি অশান্ত হলে খুবই অশান্ত হবে। আমাদের নেতাকর্মীদের ওপর হামলার ভিডিও প্রমাণ রয়েছে।
পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমার গাড়ির পেছনে এএসপির গাড়ি ছিল, সামনে পুলিশের গাড়ি ছিল, পাশে মোটরকেড ছিল। এখনো গাড়ি ভাঙা অবস্থায় আছে, ভেতরে ইট রয়েছে, আঘাতের চিহ্ন রয়েছে। আমরা এসপি ও পুলিশকে বিষয়টি জানিয়েছি। আশা করি পুলিশ তাদের অবস্থান ও চরিত্র পরিবর্তন করবে।
শুক্রবার এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে পথসভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে ফেরার পথে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করে এনসিপি। পরে সিলেট সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।