মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘জাতীয় নারীশক্তি’র আত্মপ্রকাশ রোববার, নেতৃত্বে একাধিক নাম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০২:৩৮ এএম
সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন ও মাহমুদা মিতু
expand
সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন ও মাহমুদা মিতু

আত্মপ্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’। রোববার (৮ মার্চ) সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে রাজধানীর ঢাকা রিপোটার্স ইউনিট মিলনায়তনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, নতুন এই সংগঠনের আহ্বায়ক হিসেবে সামান্তা শারমিন বা মনিরা শারমিনের নাম বিবেচনায় রয়েছে। এ ছাড়া সদস্যসচিব হিসেবে মাহমুদা মিতু এবং মুখ্য সংগঠক হিসেবে নুসরাত তাবাসসুমের নাম শোনা যাচ্ছে।

তবে নেতৃত্বে থাকার বিষয়ে নিজের অবস্থান নিয়ে সংশয় প্রকাশ করেছেন সামান্তা শারমিন। তিনি বলেন, সংগঠনের আহ্বায়ক পদে তাঁর নাম থাকলেও বিষয়টি তিনি জানেন না। এমন দায়িত্ব দেওয়া হলেও তিনি তা গ্রহণ করবেন না বলেও জানিয়েছেন।

সামান্তা শারমিনের অভিযোগ, অনেক সময় এ ধরনের নারী সংগঠনগুলোতে নারীদের প্রকৃত আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় না। তিনি বলেন, ‘আমি এমন কোনো সংগঠনের অংশ হতে চাই না, যা কেবল নারীদের নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যবহৃত হয়। অনেক সময় মিছিল বা সভা–সমাবেশে নারী কর্মী দেখানোর প্রয়োজন হয় বলেই এসব সংগঠন গড়ে তোলা হয়। আওয়ামী লীগ বা বিএনপির ক্ষেত্রেও একই প্রবণতা দেখা যায়।’

উল্লেখ্য, সম্ভাব্য নেতৃত্বের তালিকায় থাকা সামান্তা শারমিন ও নুসরাত তাবাসসুম গত বছরের ডিসেম্বরে দলের নির্বাচনী কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার ঘোষণা দিয়েছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার সিদ্ধান্তের পর তাঁরা এ অবস্থান নেন।

পরে সামান্তা শারমিন দলীয় কার্যক্রমে তুলনামূলকভাবে নিষ্ক্রিয় থাকলেও নুসরাত তাবাসসুম আবার বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে শুরু করেন।

এদিকে মাহমুদা মিতু ঝালকাঠি–১ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। তবে জামায়াতের সঙ্গে জোট গঠনের পর তিনি প্রার্থিতা প্রত্যাহার করে জোটের প্রার্থীকে সমর্থন জানান এবং তাঁর পক্ষে প্রচারণাও চালান।

আর মনিরা শারমিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Argentina VS Austria
84'
1 - 0
38' Lionel Messi
World Cup