

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এলেও দেশকে স্থিতিশীলভাবে পরিচালনা করা সম্ভব হবে না।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে পটুয়াখালীর গলাচিপা বিএনপি কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় বিএনপি ও গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীরা নুরুল হক নুরকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় নুর বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গণঅধিকার পরিষদের আসন সমঝোতা নিয়ে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তবে সঠিক সময় এলে বিএনপি তাদের কীভাবে মূল্যায়ন করেছে তা স্পষ্ট হয়ে যাবে। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে প্রতিশ্রুতি দেন, তা রাখেন। তাদের সঙ্গে যে সমঝোতা হয়েছে, তা এখন প্রকাশ না করলেও যথাসময়ে জানানো হবে।
তিনি আরও বলেন, ‘দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত আমাদের আন্তরিক সম্পর্ক তৈরি হয়েছে। আগামীতে একটি নির্বাচিত সরকার এলেও কিছু অরাজনৈতিক প্ল্যাটফর্ম দেশকে অস্থিতিশীল করার জন্য নানা আন্দোলন সৃষ্টি করতে পারে। এতে রাষ্ট্র গভীর সংকটে পড়বে।
নুর আরো বলেন, ‘কিছুদিন আগে আমাদের আন্দোলনের একজন সাহসী সৈনিক ওসমান হাদিকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশের মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। ওই ঘটনার জেরে দেশের দুটি শীর্ষ সংবাদমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি আরো কয়েকদিন চললে কেউ কেউ টেলিভিশনে এসে দেশ সংকটে পড়েছে বলে দায়িত্ব নেওয়ার ঘোষণা দিত।’
তিনি বলেন, ‘নির্বাচন হলেই যে সংকট কেটে যাবে তা নয়। তাই আমরা যারা যুগপৎ আন্দোলনে ছিলাম, তারা ৩১ দফা রাষ্ট্র সংস্কারের যে অঙ্গীকার করেছিলাম, তা আগামী পাঁচ বছরে একটি স্থিতিশীল সরকারের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। লক্ষ্য হবে দেশের উন্নয়ন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে একটি নিরাপদ ও স্থিতিশীল রাষ্ট্র হিসেবে উপস্থাপন করা যাতে বিশ্ব বিনিয়োগ আসে।’
সবশেষে তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত প্রাপ্তি বা আমার দল কয়টি আসন পেল এসব আমাদের কাছে মুখ্য নয়। দেশের মানুষ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই আমাদের প্রধান অগ্রাধিকার। তাই কোনো ভাগ-বাটোয়ারার প্রশ্ন এখানে নেই। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীতে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।’
মন্তব্য করুন
