রবিবার
০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৮৯ রানে অলআউট, লজ্জ্বার হারে সিরিজ শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০৮:১৪ পিএম আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৮:৫০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের শুরুটা সুখকর হলো না বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দলের জন্য। প্রথম ম্যাচেই স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা।

প্রিটোরিয়ায় টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। সেই সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করে শুরু থেকেই বাংলাদেশের ব্যাটিং লাইনআপে চাপ তৈরি করে স্বাগতিক বোলাররা। একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৩০.২ ওভারে মাত্র ৮৯ রানে অলআউট হয় বাংলাদেশ।

দলের হয়ে একমাত্র লড়াই করেন মাহফিজুল ইসলাম। ৭৩ বলে ৪০ রান করে তিনি কিছুটা প্রতিরোধ গড়েন। তবে তাঁর বাইরে আর মাত্র দুজন ব্যাটার দুই অঙ্কের রান করতে পেরেছেন। আমিনুল ইসলাম করেন ১১ রান, আর সামিউন বাসিরের ব্যাট থেকে আসে ১০ রান।

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে দায়ান গালিম ছিলেন সবচেয়ে সফল। মাত্র ১৮ রান খরচায় ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং ধসের মূল কারণ হয়ে ওঠেন তিনি। অ্যান্ডিলে মগাকানে নেন দুটি উইকেট।

৮৯ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে কোনো সমস্যায় পড়েনি দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। মাত্র তিন উইকেট হারিয়ে ১৮.৪ ওভারেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করে অপরাজিত থাকেন রিচার্ড সেলেতসোয়ান। ড্যানিয়েল স্মিথ করেন ২২ রান। এছাড়া এম ভন বুরেন ১৮ রান নিয়ে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

বাংলাদেশের হয়ে দুটি উইকেট নেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। তবে ব্যাটিং ব্যর্থতার কারণে ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ ইমার্জিং দল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন