

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নতুন ক্লাব মৌসুম শুরুর আগে নিজেদের শক্তি ও দলীয় সমন্বয় যাচাইয়ে ব্যস্ত ইউরোপের বড় ক্লাবগুলো। সেই প্রস্তুতির অংশ হিসেবে প্রীতি ম্যাচ খেলছে দলগুলো। আর এমনই এক ম্যাচে বার্সেলোনার হয়ে নজর কেড়েছেন এক তরুণ ফরোয়ার্ড।
বার্মিংহাম সিটির বিপক্ষে প্রাক-মৌসুম ম্যাচে জোড়া গোল করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ১৮ বছর বয়সী মিশরীয় স্ট্রাইকার হামজা আবদেলকারিম। বার্সেলোনার জার্সিতে প্রথম ম্যাচেই তার পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন সমর্থকেরা।
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী সেন্ট অ্যান্ড্রুজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন হামজা। নির্ধারিত সময়ের খেলায় বার্সেলোনা ও বার্মিংহাম সিটি ২-২ গোলে সমতায় শেষ করে। পরে পেনাল্টি শুটআউটে ৩-২ ব্যবধানে জয় পায় বার্মিংহাম।
বার্সার হয়ে দুটি গোলই করেন হামজা। প্রথম গোলটি আসে পেনাল্টি থেকে, আর দ্বিতীয়বার তিনি ডি-বক্সের ভেতর থেকে দারুণ দক্ষতায় বল জালে পাঠান। শুধু গোল নয়, সতীর্থদের সঙ্গে বোঝাপড়া, শারীরিক সক্ষমতা ও আক্রমণভাগে কার্যকর উপস্থিতির কারণে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। তার পারফরম্যান্সের রেটিং ছিল ৮.৮।
অভিষেকের সেই দুর্দান্ত রাতের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছেন এই তরুণ। এক ম্যাচের পরই ইনস্টাগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্মে তাঁর অনুসারীর সংখ্যা বেড়েছে সাত লাখের বেশি। বর্তমানে তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুসারীর সংখ্যা ১৬ লাখ ছাড়িয়েছে।
বার্সেলোনার দীর্ঘদিনের আলোচনার বিষয় ছিল একজন কার্যকর ‘নম্বর নাইন’ খুঁজে পাওয়া। হামজার এই পারফরম্যান্স নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। যদিও এটি কেবল প্রাক-মৌসুম ম্যাচ, তবে অভিষেকেই নিজের সামর্থ্যের জানান দিয়ে আলোচনায় চলে এসেছেন মিশরের এই তরুণ প্রতিভা।