সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কার সম্মানে কে আসন ছাড়ল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৯:১২ এএম আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৯:১৫ এএম
জামায়াত ও ইসলামি আন্দোলন বাংলাদেশ
expand
জামায়াত ও ইসলামি আন্দোলন বাংলাদেশ

নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই স্পষ্ট হয়ে উঠছে রাজনৈতিক সমঝোতা ও আসন ছাড়ের চিত্র। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মঙ্গলবার একাধিক প্রার্থী ভিন্ন দলের প্রার্থীর প্রতি সমর্থন বা ব্যক্তিগত সম্মান দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

কেউ রাজনৈতিক আদর্শের মিল থেকে, কেউ আবার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এতে করে বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতার সমীকরণেও পরিবর্তন এসেছে।

ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে তার প্রতি সম্মান জানিয়ে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

সাংবাদিকদের তিনি জানান, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী হিসেবে দীর্ঘদিন তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি করেছেন। সেই রাজনৈতিক অবস্থান থেকেই চেয়ারম্যানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

অন্যদিকে, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের প্রতি সম্মান জানিয়ে আগেই দুটি আসনে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান জানান, ঢাকা-১৩ আসনে দলীয় প্রার্থী মো. মুরাদ হোসেন এবং বাগেরহাট-১ আসনে মুজিবুর রহমান শামীম মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের প্রতি সম্মান দেখিয়ে বরিশাল-৫ আসনে জামায়াতের প্রার্থী মুয়াযযম হোসাইন হেলাল নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

এর আগে ভোলা-১ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের প্রতি সম্মান জানিয়ে বিএনপির মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন