শনিবার
০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
এনপিবি নিউজে সংবাদ প্রকাশ

বিআরটিএর সেই মাসুদ ঢাকায় বদলি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
expand

‘তুমি এখনও ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’—তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এই বক্তব্যের পর আলোচনায় আসা বিআরটিএ কর্মকর্তা মো. মাসুদ আলমকে এবার চট্টগ্রাম বিভাগীয় অফিস থেকে ঢাকা বিভাগীয় অফিসে বদলি করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে।

গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এসব বদলি ও পদায়নের কথা জানানো হয়। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। অফিস আদেশ অনুযায়ী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে বদলি করা হয়েছে।

এর আগে গত ২৮ জুলাই ‘বদলির আদেশ উধাও, বহাল ‘ভাইরাল মাসুদ’!’ শিরোনামে এনপিবি নিউজে প্রতিবেদন প্রকাশিত হয়।

অন্যদিকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একই পদে বদলি করা হয়েছে। ফলে মাসুদ আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

এ ছাড়া খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. জিয়াউর রহমানকে বিআরটিএ সদর কার্যালয়ের পরিচালক (রোড সেফটি) পদে বদলি করা হয়েছে। পাশাপাশি তাকে বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

একই আদেশে খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) তানভীর আহমেদকে নিজ দায়িত্বের পাশাপাশি ওই কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং)-এর অতিরিক্ত দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

আলোচনায় এসেছিলেন যে কারণে

মো. মাসুদ আলম একসময় বিআরটিএর কর্মকর্তা হিসেবে আলোচনায় আসেন তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি মন্তব্যকে কেন্দ্র করে। বিআরটিএর অনিয়ম ও কর্মকর্তাদের ভূমিকা নিয়ে কথা বলার সময় তিনি মাসুদ আলমের উদ্দেশে বলেছিলেন, ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ।’ ওই বক্তব্যের পর থেকেই মাসুদ আলমকে নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank