

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পশ্চিমবঙ্গের কলকাতায় মেট্রোর একটি কামরা থেকে হঠাৎ ধোঁয়া বের হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঘটনাটি ঘটে। পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত ট্রেনের ভেতর থেকে যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়।
কলকাতা মেট্রো কর্তৃপক্ষের প্রাথমিক তথ্য অনুযায়ী, ব্লু লাইনের শহিদ ক্ষুদিরাম–দক্ষিণেশ্বর আপ রুটের একটি মেট্রো বেলগাছিয়া স্টেশনে পৌঁছানোর পর একটি কামরা থেকে সাদা ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই কামরাটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
ট্রেনের দরজা খোলার সঙ্গে সঙ্গে যাত্রীরা দ্রুত প্ল্যাটফর্মে নেমে আসেন। পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট কর্মীরা যাত্রীদের নিরাপদে সরিয়ে নেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সংযোগে ত্রুটি বা শর্ট সার্কিটের কারণে এ ঘটনা ঘটতে পারে। সেখান থেকেই ধোঁয়ার উৎপত্তি বলে মনে করা হচ্ছে। ঘটনার পর সাময়িকভাবে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল ব্যাহত হয়।
প্রায় দুই ঘণ্টা পর ধাপে ধাপে ওই রুটে মেট্রো পরিষেবা স্বাভাবিক করা হয়। তবে ঠিক কী কারণে কামরা থেকে ধোঁয়া বের হয়েছিল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার পর সংশ্লিষ্ট রেকটিকে নিরাপদে কারশেডে সরিয়ে নেওয়া হয়েছে।
সূত্র: টিভি৯ বাংলা


