শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি
expand

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি নিয়ে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নাজিমুদ্দিন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের প্রায় ৫৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর বাজারের পাশে নাসিরনগর-সরাইল-লাখাই আঞ্চলিক মহাসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়িশ্বর গ্রামের নয়াবাড়ির ফজুল হক ও ডায়লা বাড়ির আব্দুল আওয়ালের মধ্যে পুকুরের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে গত মাসে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে মামলা করেন আব্দুল আওয়ালের লোকজন।

শুক্রবার সকালে ফজুল হকের লোকজন দাবি করেন, পুকুরে তাদের জমি রয়েছে। এ কারণে দুপুরে নামাজ শেষে তারা পুকুরের পাড়ে যান। এ সময় আব্দুল আওয়ালের লোকজনও ঘটনাস্থলে উপস্থিত হন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

এ সময় মাথায় টেটাবিদ্ধ হয়ে নাজিমুদ্দিন গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংঘর্ষে নারী, শিশু ও পুরুষসহ প্রায় ৫৫ জন আহত হন। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

আব্দুল আওয়ালের পক্ষের আহতদের মধ্যে রহিছ মিয়া, তাউস মিয়া, কালন মিয়াসহ ২৮ জনের নাম জানা গেছে। নাজিমুদ্দিন নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর অপর পক্ষের ফজুল হকের লোকজন বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় তাদের নাম জানা সম্ভব হয়নি।

নাসিরনগর থানার এসআই জাহান বলেন, ঘটনার প্রকৃত কারণ এখনই বলা যাচ্ছে না। একজন নিহত হওয়ায় পরিস্থিতি খুবই উত্তপ্ত হয়ে আছে। সংঘর্ষ থামাতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে।

বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রুহুল আমিন বলেন, দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। আজ সকালে সেই বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে নাজিমুদ্দিন নামে একজন নিহত হয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank