

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করেছিল মহানগর বিএনপি। সেই ঘোষণার পরও আগামী ৫ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে ১১ দলের লংমার্চের কর্মসূচিতে আসছেন তিনি। বিষয়টি জানিয়েছেন জেলার এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার।
এর আগে গত ১ আগস্ট নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। ওই কর্মসূচিতে বিএনপির নেতারা তাঁর বিভিন্ন বক্তব্যের প্রতিবাদ জানান। একই সঙ্গে তিনি নারায়ণগঞ্জে এলে তাঁকে রাজনৈতিকভাবে প্রতিহত করার হুঁশিয়ারিও দেন বিএনপির নেতাকর্মীরা।
মহানগর বিএনপির ওই কর্মসূচিতে সংগঠনটির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপনও পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণার পাশাপাশি এনসিপি নেতাদের কটূক্তির প্রতিবাদ জানান।
মিছিলের আগে নাসীরুদ্দীন পাটওয়ারীর উদ্দেশ্যে রিপন বলেন, ‘তারেক রহমানকে নিয়ে যদি সামান্য কিছু তেলাপোকা কিছু বলে, তাহলে আমাদের উচিত তাদের জুতা দিয়ে পিষে মেরে ফেলা।’ এরপর নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশাও পাটওয়ারীকে নিয়ে মন্তব্য করেন।
এদিকে এক মাস পেরোতেই ৫ সেপ্টেম্বর ১১ দলের লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে পথসভায় আসছেন নাসীরুদ্দীন। ফলে বিএনপির আগের ঘোষণার পর তার নারায়ণগঞ্জ সফর স্থানীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে বলে মনে করছেন অনেকেই।
জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার জানিয়েছেন, এই কর্মসূচিতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ ইসলাম এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী উপস্থিত থাকবেন। এছাড়া সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহরও উপস্থিত থাকার কথা রয়েছে।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে যুবাইর বলেন, ‘আমাদের মধ্যে কোনো ধরনের আশঙ্কা বা ভয় নেই। কারণ এই লংমার্চ ও সমাবেশ কোনো দলীয় স্বার্থে নয়, বরং সাধারণ মানুষের বিদ্যুৎ, গ্যাস এবং নিত্যপণ্যের আকাশছোঁয়া দাম বৃদ্ধির প্রতিবাদে করা হচ্ছে।’
তিনি আশা প্রকাশ করেন, পথসভা ও লংমার্চ চলাকালে যেকোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা এড়াতে স্থানীয় প্রশাসন সব ধরনের সহযোগিতা প্রদান করবে।


