রবিবার
২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমান বাংলাদেশের ক্রান্তিকালে হাল ধরেছেন: মঈন খান

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৭:০৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের দ্বিতীয় ক্রান্তিকালে হাল ধরেছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়া ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে প্রধানমন্ত্রী নিজেকে নিয়োজিত করেছেন। বাংলাদেশের সমস্যাগুলো সম্পর্কেও তিনি ওয়াকিবহাল আছেন। সেই সমস্যাগুলো দূর করে বাংলাদেশকে একটি গতিশীল রাষ্ট্র ও বিশ্বের বুকে বাংলাদেশের সুনাম পুনঃপ্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন।

শনিবার (২২ আগস্ট) বেলা তিনটার দিকে রাজধানীর শেরে-বাংলা নগরের বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষ তিনি এসব কথা বলেন।

আব্দুল মঈন খান বলেন, দেশের প্রথম ক্রান্তিকালে স্বাধীনতা যুদ্ধের সময় একটি দল ব্যর্থ হয়েছিল। তখন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

তিনি বলেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যারা মানুষের অধিকারে বিশ্বাস করে। দীর্ঘ ১৭ বছর রাজপথে মানুষের পাশে থেকে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে বিএনপি। ছাত্র-জনতা বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার দাবিতে রাজপথে নামার পর বিএনপিও তাদের পাশে ছিল। সেই আন্দোলনে স্বৈরাচারী সরকার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

তিনি আরও বলেন, পরবর্তীকালে অন্তর্বর্তী সরকার এসে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেছে। যে সুষ্ঠু নির্বাচন বিগত ২০ বছর বাংলাদেশে হয়নি। নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেয়েছে। জনগণ যাদের চেয়েছে, তাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। সেই সরকারের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ড. মঈন খান বলেন, সরকারের ধারাবাহিকতায় পরিবর্তন একটি চলমান প্রক্রিয়া। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের কল্যাণ, সুশাসন প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সরকার পরিচালনায় কিছু পরিবর্তন এনেছেন। সেই পরিবর্তনের ধারাবাহিকতায় আজ আমরা সরকারের সঙ্গে যুক্ত হয়েছি।

এ সময় স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে শ্রদ্ধা নিবেদন করেন নবনিযুক্ত আরও চার মন্ত্রী। বাকিরা হলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজাম্মান মিল্লাত, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী, ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন