রবিবার
২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তালাবদ্ধ বাড়ি থেকে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৪ মরদেহ উদ্ধার

রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০১:১২ এএম আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ১২:৫২ এএম
নিহত গণপতি, বোলা, পার্থী ও প্রিয়ম। ছবি: প্রতিনিধি
expand
নিহত গণপতি, বোলা, পার্থী ও প্রিয়ম। ছবি: প্রতিনিধি

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় একটি তালাবদ্ধ বাড়িতে সাবেক রংপুর জেলা স্কুলের শিক্ষক গনপতি ও তার স্ত্রী-সন্তানসহ ৪ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে নগরীর মাছুয়াপাড়া মন্দিরসংলগ্ন এলাকায় অবস্থিত ওই সাবেক শিক্ষকের বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

এ সময় দুই তলা বাড়িটির বিভিন্ন স্থানে লাশগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। এ ঘটনা নিশ্চিত করেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের। নিহতরা হলেন, রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী বোলা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) এবং ছেলে প্রিয়ম চক্রবর্তী (১২)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নগরীর মাছুয়াপাড়া মন্দিরের পাশে অবস্থিত দুইতলা বাড়িটির ওপরের তলায় রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল পরিবার নিয়ে বসবাস করত। বাড়ির নিচতলা নির্মানাধীন রয়েছে।

গত তিনদিন ধরে বাড়িতে তালাবদ্ধ দেখতে পায় এলাকাবাসী। তাদের ধারণা হয়তো তারা কোথাও বেড়াতে গেছে।

এদিকে কয়েকদিন ধরে কোন রকম যোগাযোগ করতে না পেরে ওই শিক্ষকের আত্মীয়স্বজন এলাকায় এসে তালাবদ্ধ দেখে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে। পরে বাড়ির দোতলার সিঁড়ির কাছে স্বামী, স্ত্রী ও মেয়ের লাশ পাওয়া যায় এবং একটি কক্ষের ভেতরে খাটের নিচ থেকে তাদের ছোট ছেলে প্রিয়মের লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, গত বছরের ৩১ ডিসেম্বর রংপুর জিলা স্কুল থেকে অবসরে যান ওই শিক্ষক। হত্যার শিকার মেয়ে পার্থী চক্রবর্তী রংপুর কারমাইকেল কলেজ থেকে মাস্টার্স পাশ করেছেন এবং ছেলে প্রিয়ম চক্রবর্তী রংপুর জিলা স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী।

একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কীভাবে এবং কতদিন আগে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ঘটনাস্থলে পুলিশের উর্ধতন কর্মকর্তা পরিদর্শন করেন। একইসাথে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করছেন। প্রকৃত কারণ জানতে লাশগুলো ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত শেষে এ ঘটনায় বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন