বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাজেটে ইমাম-পুরোহিতদের জন্য সুখবর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৪:১৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে দেশের ধর্মীয় উপাসনালয় ও সংশ্লিষ্ট কার্যক্রমে ১ হাজার ৮১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় এ প্রস্তাব তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী বলেন, সরকার ধর্মীয় বিভাজনের পরিবর্তে সামাজিক সংহতি ও সাম্যের নীতিতে বিশ্বাসী। সেই লক্ষ্য সামনে রেখে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা, নৈতিক ও মূল্যবোধভিত্তিক সমাজ গঠন, ধর্মীয় নেতৃবৃন্দের জীবনমান উন্নয়ন, হজ ব্যবস্থাপনা সহজীকরণ এবং ইসলামী গবেষণা কার্যক্রম জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, বর্তমানে দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক ১০ হাজার টাকা এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিত ও সেবায়েতদের ৮ হাজার টাকা করে সম্মানী প্রদান করা হচ্ছে। এ পর্যন্ত ৬ হাজার ৪৩৮টি প্রতিষ্ঠানের ৯ হাজার ৫২০ জন এই সুবিধার আওতায় এসেছেন।

বাজেট প্রস্তাব অনুযায়ী, এই সম্মানী সুবিধা ধাপে ধাপে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য প্রশিক্ষণ কার্যক্রম বাড়ানো এবং হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, সাশ্রয়ী ও সুশৃঙ্খল করার উদ্যোগও অব্যাহত থাকবে।

অর্থমন্ত্রী আরও জানান, ওয়াকফ সম্পত্তি সংরক্ষণ ও অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে ইতোমধ্যে ১১টি ওয়াকফ এস্টেট থেকে ২৮ দশমিক ২০ একর জমি উদ্ধার করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন