সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত যাত্রীচাপে সড়কে ফিটনেসবিহীন যান চলছে: সড়কমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০২:৩৯ পিএম
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
expand
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

আসন্ন ঈদুল আজহাকে ঘিরে দেশের বিভিন্ন অঞ্চলে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে কিছু ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল করছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (২৫ মে) রাজধানীর ঈদযাত্রা ব্যবস্থাপনা সংক্রান্ত এক সংবাদ ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

মন্ত্রী জানান, ঈদকে সামনে রেখে মানুষের যাতায়াত নিরাপদ ও স্বস্তিদায়ক করতে সরকার বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছে। সড়ক, রেল এবং নৌপথে যাত্রীসেবা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

তিনি বলেন, ঈদের সময় যাত্রীসংখ্যা কয়েকগুণ বেড়ে যাওয়ায় পরিবহন খাতে অতিরিক্ত চাপ তৈরি হয়। এ সুযোগে কিছু অনুপযুক্ত ও ফিটনেসবিহীন যানবাহনও চলাচলে যুক্ত হচ্ছে। তবে সরকার ধাপে ধাপে এসব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং ভবিষ্যতে ফিটনেসবিহীন গাড়ি সম্পূর্ণভাবে বন্ধ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

নৌপথে যাত্রী নিরাপত্তার বিষয়েও সতর্কতা তুলে ধরেন মন্ত্রী। তিনি লঞ্চ মালিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আবহাওয়া প্রতিকূল থাকলে কোনোভাবেই ঘাট থেকে লঞ্চ ছেড়ে দেওয়া উচিত নয়। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।’

এদিকে ঈদযাত্রায় গণপরিবহনকে আরও যাত্রীবান্ধব করতে নতুন কিছু সুবিধার কথাও জানান মন্ত্রী। তার ভাষ্য অনুযায়ী, আন্তঃনগর ট্রেন এবং ঢাকা মেট্রোরেলে ৬৫ বছরের বেশি বয়সী নাগরিক ও প্রতিবন্ধী যাত্রীরা ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন। সরকারের এ উদ্যোগকে প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য সহায়ক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন