বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে নেয়া হয়েছে বাড়তি ব্যবস্থা: রেল সচিব

প্রকাশ : ২৩ মে ২০২৬, ১১:২৫ এএম
কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে বক্তব্য রাখেন রেল সচিব ফাহিমুল ইসলাম
expand
কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে বক্তব্য রাখেন রেল সচিব ফাহিমুল ইসলাম

এবারের ঈদযাত্রার সিডিউলে বিপর্যয়ের কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন রেল সচিব ফাহিমুল ইসলাম।

তিনি বলেছেন, যাত্রীরা এবার স্বস্তিদায়ক ঈদযাত্রা উপহার পাবে।

শনিবার (২৩ মে) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

টিকিট কাটার পরও অনেক যাত্রী ট্রেনে ঢুকতে পারে না, এরকম কোনো ঘটনা এবার ঘটবে না বলেও সবাইকে আশ্বস্ত করে রেল সচিব বলেন, ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। রেলসচিব জানান, ঈদযাত্রার শুরুতেই আজ সকালে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ট্রেনটি সকাল ৫টা ৪০ মিনিটে ছাড়ার পরপরই ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

পরে সেটিকে ফিরিয়ে এনে রিজার্ভ ইঞ্জিন সংযুক্ত করে আবার যাত্রা শুরু করানো হয়। এর প্রভাবে পরবর্তী কয়েকটি ট্রেন ১৫ মিনিট থেকে আধা ঘণ্টা পর্যন্ত বিলম্বিত হয়। তিনি বলেন, ‘শুরুতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক।

রংপুর এক্সপ্রেস ১৮ মিনিট দেরিতে ছেড়েছে। জামালপুর এক্সপ্রেস নির্ধারিত সময়েই ছাড়বে। আমরা আশা করছি, এরপর আর বড় ধরনের বিলম্ব হবে না।’

লোকোমোটিভ সংকট মোকাবিলায় আগাম প্রস্তুতির কথাও তুলে ধরে রেলসচিব বলেন, ‘মিটারগেজ লোকোমোটিভের কিছু সংকট রয়েছে। তাই আমরা আগে থেকেই কর্মপরিকল্পনা নিয়েছি।

ঈদের সময় ৮৫টি মিটারগেজ লোকোমোটিভ সচল রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আজ ৭৮ থেকে ৭৯টি প্রস্তুত রয়েছে। কাল থেকে তা ৮০টির বেশি হবে বলে আশা করছি।’

ট্রেনের ছাদে যাত্রী ওঠা ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী, জিআরপি ও ভ্রাম্যমাণ আদালত মোতায়েন করা হয়েছে উল্লেখ করে ফাহিমুল ইসলাম বলেন, ‘উত্তরাঞ্চলের ট্রেনগুলোতে ছাদে ওঠার প্রবণতা বেশি দেখা যায়। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে ম্যাজিস্ট্রেটসহ ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবে।’

স্টেশনে টিকিটবিহীন যাত্রী প্রবেশ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে রেলসচিব বলেন, ‘টিকিট ছাড়া যাত্রীরা যেন স্টেশনে ঢুকতে না পারে, সে জন্য নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। তারাই সাধারণত ভিড় ও বিশৃঙ্খলা সৃষ্টি করে।’

তিনি আরো বলেন, ‘যাত্রী চাপের কারণে এবারও ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট রাখা হয়েছে। ঈদের সময় রেলের চাহিদা অনেক বেশি থাকে, যা পুরোপুরি পূরণ করা সম্ভব হয় না।’

রেলসচিব বলেন, যাত্রীরা যেকোনো অভিযোগ, তথ্য বা সহায়তার জন্য রেলওয়ের ১৩১ হটলাইনে যোগাযোগ করতে পারবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup