

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা শুরু হয়েছে আজ শনিবার (২৩ মে)। ঈদকে সামনে রেখে সড়ক, রেল ও নৌপথে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অগ্রিম টিকিট বিক্রি সম্পন্ন হওয়ার পর আজ থেকেই দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে।
আজ ভোর ৬টায় ঢাকা থেকে বিশেষ ব্যবস্থায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রেলপথে ঈদযাত্রা শুরু হয়।
একই সময়ে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল থেকে বিআরটিসি ও বেসরকারি বাস ছেড়ে যায়। পাশাপাশি সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে দেশের বিভিন্ন রুটে নৌযান চলাচলও শুরু হয়েছে।
সড়কপথে ঈদ স্পেশাল সার্ভিস
ঈদ উপলক্ষে গত ১৭ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি)। আজ থেকে রাজধানীর বিভিন্ন ডিপো থেকে চালু হয়েছে ‘ঈদ স্পেশাল সার্ভিস’।
মতিঝিল, গাবতলী, কল্যাণপুর, মিরপুর, যাত্রাবাড়ী, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন ডিপো থেকে যাত্রীরা আগাম টিকিট সংগ্রহ করেছেন। এসব স্থান থেকে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহসহ বিভিন্ন রুটে বাস চলাচল করছে।
এছাড়া গ্রিন লাইন, হানিফ, শ্যামলী, সৌদিয়া, সোহাগসহ প্রায় সব বেসরকারি পরিবহন কোম্পানিও ঈদযাত্রা শুরু করেছে।
মহাসড়কে নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা
ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে, তবে জরুরি পণ্যবাহী যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, দেশের সাতটি প্রধান মহাসড়কে ৯৪টি যানজটপ্রবণ স্পট চিহ্নিত করা হয়েছে, যেখানে বিশেষ নজরদারি রাখা হবে। গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনী ও বিজিবি মোতায়েনের সিদ্ধান্তও রয়েছে।
রেলপথে বিশেষ ট্রেন ও নিরাপত্তা ব্যবস্থা
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, ঈদের আগের সব অগ্রিম টিকিট ইতোমধ্যে বিক্রি শেষ হয়েছে। যাত্রীদের চাপ সামাল দিতে ১০টি বিশেষ ট্রেন চালানো হবে।
ঢাকা থেকে ঈদের আগে পাঁচ দিনে ২১৮টি ট্রেন ছেড়ে যাবে, যেখানে প্রায় ১ লাখ ৫৯ হাজার আসন রয়েছে। অতিরিক্ত ২৫ শতাংশ যাত্রী স্ট্যান্ডিং টিকিটে ভ্রমণ করতে পারবেন।
স্টেশনগুলোতে যাত্রীদের নিরাপত্তায় র্যাব, আরএনবি ও পুলিশের কন্ট্রোল রুম বসানো হয়েছে। টিকিট ছাড়া স্টেশনে প্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি চালানো হচ্ছে।
নৌপথে সতর্কতা ও বিশেষ ব্যবস্থা
নৌপথে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বিআইডব্লিউটিএ ও নৌপরিবহন মন্ত্রণালয় বিশেষ নির্দেশনা দিয়েছে। লঞ্চের ছাদে ভ্রমণ, অতিরিক্ত যাত্রী ওঠানো এবং নৌকা থেকে লঞ্চে ওঠানামা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
সদরঘাটসহ গুরুত্বপূর্ণ ঘাটে নৌপুলিশ ও কোস্টগার্ডের টহল বাড়ানো হয়েছে। নিয়ম ভঙ্গ করলে লঞ্চের যাত্রা বাতিল ও মোবাইল কোর্টের ব্যবস্থা নেওয়া হবে।
সরকারের লক্ষ্য স্বস্তিদায়ক ঈদযাত্রা
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সমন্বিত ব্যবস্থাপনা ও আগাম প্রস্তুতির মাধ্যমে এবার ঈদযাত্রা স্বস্তিদায়ক করার চেষ্টা চলছে। তবে মহাসড়কে যানজট, অতিরিক্ত যাত্রী চাপ ও প্রাকৃতিক দুর্যোগ বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে।
