মঙ্গলবার
০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যে ৩ ধাপে বাস্তবায়ন হবে পে-স্কেল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৬, ১০:৫৩ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তিন ধাপে নবম পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

ইতোমধ্যে পে-স্কেল সংক্রান্ত পুনর্গঠিত কমিটি তাদের সুপারিশ তৈরির কাজ শুরু করেছে। শিগগিরই তা সরকারের কাছে জমা দেওয়া হবে।

অর্থনীতির চাপ কমাতে কমিটি আগামী তিন বছরে নবম পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ করবে। এতে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরে মূল বেতনের ৫০ ভাগ দেওয়া হতে পারে।

এজন্য নতুন বাজেটে বেতন-ভাতা ও পেনশন খাতে বরাদ্দ ৩৫-৪০ হাজার কোটি টাকা বাড়ানোর প্রস্তাব করবে অর্থ বিভাগ। এতে প্রথম বছরেই সরকারি কর্মকর্তাদের জন্য করা পে-স্কেলের ৩৩ ভাগ বাস্তবায়ন করা হবে। খবর সংশ্লিষ্ট সূত্রের।

জানা যায়, প্রথম বছর শেষে পরের দুই অর্থবছরে বাকি অর্ধেক মূল বেতন এবং বিভিন্ন ধরনের ভাতা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

এ প্রসঙ্গে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, পে-স্কেল সংক্রান্ত পুনর্গঠিত কমিটির প্রথম বৈঠকে কোনো কিছু চূড়ান্ত করা হয়নি।

তবে কমিটির সবাই ঘোষিত পে-স্কেল বাস্তবায়নের পক্ষে। কারণ, এ বিষয়ে সরকারি কর্মকর্তাদের চাপ রয়েছে। চলতি বাজেটে পে-স্কেল বাস্তবায়নে অর্থ বরাদ্দ রাখা হয়েছিল।

কিন্তু সেই অর্থ এ খাতে ব্যবহার করা হয়নি। তিনি জানান, নতুন বাজেটে এ খাতে বাড়তি অর্থ বরাদ্দ দেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বার্ষিক বৈঠক শেষে উজবেকিস্তান থেকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশে ফেরার পর পুনর্গঠিত কমিটি পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন।

পে-স্কেলের বিষয়ে কোনোকিছু চূড়ান্ত হওয়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও এ নিয়ে বৈঠক করবেন অর্থমন্ত্রী।

এ প্রসঙ্গে সাবেক অর্থ সচিব মাহবুব আহমেদ বলেন, পে-স্কেল বাস্তবায়ন করতে অর্থের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এ কারণে অর্থ বিভাগ এ খাতে কত বরাদ্দ দিতে পারবে, সেটি আগে নিশ্চিত হওয়া প্রয়োজন।

তিনি বলেন, বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা সংকটের কারণে দেশের অর্থনীতি চাপের মুখে রয়েছে।

এ অবস্থায় বড় অঙ্কের ঘাটতি বাজেট করা হচ্ছে। এখন মূল্যস্ফীতি ৯ শতাংশের কাছাকাছি। পে-স্কেলের ঘোষণা এলে বাজারে এর প্রভাব পড়বে, তা বিবেচনায় নিয়ে তিন থেকে চার ধাপে এটি বাস্তবায়ন হতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন