

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
২০ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকাসহ সারাদেশে র্যাবের টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার থাকবে বলে জানিয়েছে র্যাব।
র্যাব সূত্র জানায়, কেন্দ্রীয় শহীদ মিনারসহ দেশের সব শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নির্বিঘ্ন করতে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অবজারভেশন পোস্ট, ওয়াচ টাওয়ার ও চেকপোস্ট স্থাপন করা হয়েছে। ইননার ও আউটার পেরিমিটার গঠন করে পুরো এলাকা সিসিটিভি ও আইপি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দিয়ে নিরাপত্তা সুইপিং পরিচালনা করা হবে। যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বিশেষায়িত দল প্রস্তুত থাকবে।
সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধে সাদা পোশাকধারী সদস্যদের মাধ্যমে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ঢাকার পাশাপাশি বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ের শহীদ মিনার এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীসহ ভিভিআইপি ও রাজনৈতিক নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন কর্মসূচিকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে সারাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয় করা হবে। প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে।
র্যাব মহান শহীদ দিবস উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছে। কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখা গেলে দ্রুত নিকটস্থ র্যাব সদস্যদের জানাতে অনুরোধ জানানো হয়েছে।
মন্তব্য করুন
