মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় পিছিয়ে ৩১ আগস্ট

মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ১১:০৯ এএম আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ১১:৩৪ এএম
মাগুরায় শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা পিছিয়ে সোমবার ধার্য
expand
মাগুরায় শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা পিছিয়ে সোমবার ধার্য

মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড অনুমোদনের (ডেথ রেফারেন্স) আবেদন ও আসামির করা আপিলের ওপর আজ মঙ্গলবার (২৫ আগস্ট) রায় ঘোষণার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে।

নতুন তারিখ অনুযায়ী আগামী সোমবার (৩১ আগস্ট) এ মামলার রায় ঘোষণা করবেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মামলাটির রায় ঘোষণার দিন ধার্য ছিল। তবে অ্যাটর্নি জেনারেল দেশে না থাকায় রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে রায় ঘোষণার তারিখ পিছিয়ে দেওয়া হয়।

আদালতে আসামিপক্ষে শুনানি করছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হাসান তারেক। তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দীকা ও মাহবুবা তাসনিম আঁখি।

এর আগে গত ১১ আগস্ট মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড অনুমোদনের (ডেথ রেফারেন্স) আবেদন এবং আসামির আপিলের ওপর হাইকোর্টে শুনানি শুরু হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের মার্চের শুরুতে মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয় আট বছরের শিশু আছিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মাগুরা ও পরে ফরিদপুরের হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০২৫ সালের ১৩ মার্চ মারা যায় শিশুটি।

এ ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি এবং শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে ২০২৫ সালের ১৭ মে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান।

তবে একই রায়ে মামলার অপর তিন আসামি- শিশুটির বোনের জামাতা সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ ও তাদের মা জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়। পরে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার যাবতীয় নথি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়।

একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পক্ষ থেকে করা আপিলও হাইকোর্টে আসে।

এখন এই ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে আছিয়ার পরিবারসহ সংশ্লিষ্টরা। আগামী ৩১ আগস্ট মামলাটির রায় ঘোষণার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন