

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ছয় যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। দণ্ডের অর্থ আদায়ে প্রয়োজন হলে দণ্ডপ্রাপ্তদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রির নির্দেশ দিয়েছেন আদালত। আদায়কৃত অর্থ ভুক্তভোগী বা তাদের পরিবারের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষ জানায়, দণ্ডপ্রাপ্তদের মধ্যে রাহুল পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বাকি আসামিদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ২৫ জুন বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপন শেষে বাসায় ফেরার পথে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকায় দুই তরুণী ও তাদের সঙ্গীদের গতিরোধ করে অভিযুক্তরা। পরে দুই তরুণীকে একটি নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ সময় তাদের সঙ্গীদের মারধর করে টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয় এবং ঘটনার ভিডিও ধারণেরও অভিযোগ রয়েছে।
ঘটনার চার দিন পর ভুক্তভোগীদের একজনের বাবা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। বিচার চলাকালে ট্রাইব্যুনাল ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন।


