

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জ্ঞাত আয়বহির্ভূত প্রায় সাড়ে ৫ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ‘ছাগলকাণ্ডে’ আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৩ আগস্ট) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক বি. এম. তারিকুল কবীর এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৪ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর মীর আহম্মেদ আলী সালাম।
এর আগে মামলাটিতে অভিযোগ গঠনের শুনানির জন্য মতিউর রহমানকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত অভিযোগ গঠনের আবেদন মঞ্জুর করে বিচার শুরুর আদেশ দেন।
দুদকের অভিযোগে বলা হয়েছে, মতিউর রহমান তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ প্রায় সাড়ে ৫ কোটি টাকার সম্পদ অর্জন ও সংশ্লিষ্ট তথ্য গোপন করেছেন। এসব অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।
উল্লেখ্য, গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ছাগলকাণ্ড’ নিয়ে ব্যাপক আলোচনায় আসার পর মতিউর রহমানকে ঘিরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে আসে। পরে বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক এবং তদন্ত শেষে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো।


