

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্যক্তিগত জীবন নিয়ে বহুবার আলোচনায় আসা পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও উদ্যোক্তা সুস্মিতা রায় এবার ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন জীবনের সবচেয়ে আনন্দের খবর। দীর্ঘ প্রতীক্ষার পর সন্তানের মা হয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, ব্যবসায়ী শুভাশিস দের সঙ্গে সংসার শুরু করার কিছুদিনের মধ্যেই সন্তান জন্ম দিয়েছেন সুস্মিতা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই নবজাতকের আগমনের খবর প্রকাশ করেন তিনি।
একটি আবেগঘন পোস্টে সুস্মিতা জানান, মাতৃত্বের এই আনন্দের পেছনে রয়েছে দীর্ঘ সাত বছরের অপেক্ষা, সংগ্রাম ও গভীর বেদনার গল্প। তিনি স্মরণ করেন ২০১৯ সালের ১৯ মার্চ, যেদিন প্রথম সন্তানকে হারানোর কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। সেই ক্ষত আজও তাকে নাড়া দেয় বলে পোস্টে উল্লেখ করেন এই অভিনেত্রী।
নতুন অতিথির আগমনে জীবনের এক নতুন অধ্যায়ে পা রাখার অনুভূতি প্রকাশ করে সুস্মিতা সবাইকে শুভকামনা ও ভালোবাসার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তার এই সুখবর প্রকাশের পর ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।
সেই বেদনার কথা স্মরণ করে তিনি লিখেছেন, ‘২০১৯ সালের ১৯ মার্চ যে স্বপ্নটা থেমে গিয়েছিল, আজ যেন তারই নতুন করে শুরু। দীর্ঘ সাত বছরের অপেক্ষা, লড়াই, অগণিত কষ্ট আর না-পাওয়ার যন্ত্রণার পর আজ আমি মাতৃত্বের স্বাদ পেলাম। এটা কোনো শারীরিক অক্ষমতার লড়াই ছিল না, ছিল সময়, পরিস্থিতি আর অনেক অদৃশ্য বাধার বিরুদ্ধে এক নিরন্তর সংগ্রাম।
প্রথমবারের তিক্ত অভিজ্ঞতার কারণে এবার পুরো গর্ভাবস্থার বিষয়টি সবার আড়ালে রেখেছিলেন বলে জানান সুস্মিতা। সন্তানের নিরাপদ জন্মের পরই সুখবরটি সবার সঙ্গে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
পোস্টে স্বামী শুভাশিস দের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেত্রী। কঠিন সময়ে পাশে থাকার জন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে সুস্মিতা লেখেন, ‘যখন আমি ভেবেছিলাম হয়তো এই জীবনে আর কোনোদিন ‘মা’ ডাক শোনার সৌভাগ্য আমার হবে না, তখন ও আমার স্বপ্নটাকে নিজের স্বপ্ন করে আগলে রেখেছে, ভরসা দিয়েছে, লড়াই করার শক্তি দিয়েছে। আজ আমার মাতৃত্বের পূর্ণতার গল্পে ওর ভালোবাসা, বিশ্বাস আর অবিচল সঙ্গ সবচেয়ে বড় আশ্রয় হয়ে থাকবে চিরকাল।
বলা দরকার, গেল ৬ মার্চ শুভাশিস দের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন সুস্মিতা। বিয়ের সময় সাড়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন অভিনেত্রী। সেদিক থেকে বিয়ের সাড়ে তিন মাস পরই দিলেন সুখবর।
টালিউড অভিনেতা সায়কের প্রাক্তন বৌদি হিসেবে পরিচিত সুস্মিতা রায় ব্যক্তিগত জীবন নিয়ে বহুবার সমালোচনা ও ট্রলের মুখে পড়েছেন। বিশেষ করে শুভাশিস দের সঙ্গে তার পঞ্চম বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
তবে সব বিতর্ক পেছনে ফেলে মাতৃত্বের নতুন অধ্যায় শুরু করায় ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেত্রী।
