

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


‘মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রুনা লায়লা’- সামাজিক যোগাযোগমাধ্যমে এআই-প্রযুক্তির সাহায্যে তৈরি এমন একটি ভিত্তিহীন ও ভুয়া ভিডিও সম্প্রতি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তবে ভক্তদের আশ্বস্ত করে উপমহাদেশের এই কিংবদন্তি শিল্পীর একমাত্র মেয়ে তানি লায়লা জানিয়েছেন, খবরটি সম্পূর্ণ মিথ্যা, তার মা রুনা লায়লা পুরোপুরি সুস্থ ও জীবিত আছেন।
বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসরত তানি লায়লা এই ঘটনায় চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। সামান্য কিছু ভিউ ও অর্থ উপার্জনের লোভে, ছয় দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী একজন বরেণ্য শিল্পীকে নিয়ে এমন স্পর্শকাতর মৃত্যুর গুজব ছড়ানোকে তিনি অত্যন্ত অসম্মানজনক বলে মন্তব্য করেছেন। এই ধরনের বিকৃত মানসিকতার কারণে তার পরিবার রীতিমতো বিরক্ত ও অতিষ্ঠ।
ভুয়া খবর রটনাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তানি বলেন, ‘মা সম্পূর্ণ সুস্থ আছেন, কেউ মারা যাননি। এসব নোংরামি আর সহ্য করা যাচ্ছে না।’
তিনি ব্যক্তিগতভাবে এসব অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করার পাশাপাশি রুনা লায়লার অগণিত ভক্তদেরও এই ফেক কনটেন্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে, সংবাদমাধ্যমগুলোকে খবর প্রকাশের আগে যথাযথভাবে তথ্য যাচাই ও সতর্কতা অবলম্বনের অনুরোধ করেছেন তিনি।
এদিকে গুজবের সম্পূর্ণ বিপরীতে রুনা লায়লা তার সংগীতজীবনে এখনো দারুণ সরব রয়েছেন। গত মাসেই অস্ট্রেলিয়ার দুটি অঙ্গরাজ্যে কনসার্ট করে দর্শক মাতিয়েছেন তিনি।
এর আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে একক সংগীতানুষ্ঠানেও কণ্ঠের জাদুতে মুগ্ধ করেছেন শ্রোতাদের। নিয়মিতই তিনি বেছে বেছে বিভিন্ন স্টেজ শোতে অংশ নিয়ে নিজের সুস্থতা ও প্রাণবন্ত উপস্থিতির প্রমাণ দিয়ে চলেছেন।

