

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০২৬-২৭ অর্থবছরে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ১৩৩ কোটি ৪১ লাখ টাকা বাজেট বরাদ্দ পেয়েছে। যা গত বছরের তুলনায় চার কোটি ১২ লাখ ১৫ হাজার টাকার বেশি। তবে বরাদ্দ বাড়লেও গবেষণা ও উদ্ভাবন খাতে কোনো বরাদ্দ রাখা হয়নি।
অথচ ২০২৫-২৬ অর্থবছরে গবেষণা খাতে বরাদ্দ ছিল ৩ কোটি ১০ লাখ টাকা। আর ২০২৪-২৫ অর্থবছরে যেটা ছিল দুই কোটি ৮০ লাখ টাকা। গবেষণা খাতে বাজেটে বরাদ্দ না রাখার কারণে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থী ও শিক্ষকরা।
সচেতন শিক্ষার্থীরা বলেন, ইউজিসির উচিত ছিল বাজেটে স্বতন্ত্রভাবে গবেষণায় বরাদ্দ রাখা। কিন্তু সেটা করা হয়নি। বাজেটে গবেষণা খাতকে উপেক্ষিত রেখে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের পিছনে সিংহভাগ বরাদ্দ রাখা হয়েছে। এর কারণে গবেষণার গতি আরও কমবে বলে মত তাদের।
জানা গেছে, ১৩৩ কোটি ৪১ লাখ বাজেটের মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) দেবে ১২৩ কোটি ৭৮ লাখ ৭৪ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রাজস্ব আয় থেকে আসবে নয় কোটি ৬৩ লাখ টাকা।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ দপ্তরের সূত্রমতে, মোট বরাদ্দের মধ্যে স্বাস্থ্যসেবা খাতে সব থেকে কম বরাদ্দ রাখা হয়েছে। যার পরিমাণ ১২ লাখ টাকা, যা মোট বাজেটের ০.০৯%। হিসাব করলে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মোট ১১ হাজার ২০৩ জন শিক্ষার্থীর বিপরীতে জনপ্রতি ১০৭ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। যা শিক্ষার্থীদের তুলনায় অপ্রতুল।
অন্যদিকে, সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা, অবসর ও পেনশন বাবদ ৯০ কোটি ১৮ লাখ ৮২ হাজার টাকা, যা মোট বাজেটের ৬৭.৫৯%। এর মধ্যে কর্মকর্তাদের বেতন ৩৮ কোটি ৭৩ লাখ ১৮ হাজার, কর্মচারীদের বেতন আট কোটি ৩৬ লাখ ৪৭ হাজার, বিশেষ সুবিধা বাবদ চার কোটি ৮২ লাখ, ভাতাদি বাবদ সহায়তা ৩১ কোটি ৮২ লাখ ১৭ হাজার এবং পেনশন ও অবসর সুবিধা বাবদ ছয় কোটি ৪৬ লাখ ৬২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বিগত অর্থবছরে যানবাহন বাবদ কোনো বরাদ্দ না পেলেও এই অর্থবছরে খাতটিতে চার কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ পেয়েছে বিশ্ববিদ্যালয়টি।
এছাড়াও, পণ্য ও সেবা বাবদ (সাধারণ) ২৯ কোটি ৭৩ লাখ, পণ্য ও সেবা বাবদ (মেরামত) তিন কোটি ৩৫ লাখ, যন্ত্রপাতি অনুদান দুই কোটি ৪২ লাখ, তথ্য যোগাযোগ প্রযুক্তি অনুদান ৮০ লাখ, অন্য মূলধন অনুদান ৭০ লাখ ও অন্য অনুদান এক কোটি ৬৯ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
বাজেটে গবেষণা খাতে বরাদ্দ না রাখার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর কবির জানান, চলতি অর্থবছর থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সরাসরি গবেষণায় অর্থায়ন করবে। তাই বিশ্ববিদ্যালয়ের বাজেটে এবার আলাদা বরাদ্দ রাখা হয়নি। এজন্য গবেষণা খাতে পর্যাপ্ত বাজেটের জন্য আমরা ইউজিসির কাছে আবেদন করবো।