

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাদের মধ্যে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি নিরসন, প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং একটি কার্যকর শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তারা।
নোবিপ্রবি শাখা ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, জাতীয় ছাত্রশক্তি ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে নতুন উপাচার্যের কাছে তাদের প্রত্যাশার কথা জানিয়েছেন। ছাত্রনেতাদের এমন মতামত ও প্রত্যাশা তুলে ধরছেন নোবিপ্রবি প্রতিনিধি কাউসার আহমেদ।
“নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী স্যারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা বিশ্বাস করি, শ্রেণীভেদাভেদ ও দলমত নির্বিশেষে সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং অংশীজনের আস্থার প্রতীক হয়ে তিনি সবার উপাচার্য ও প্রিয় মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন।
স্যারের দক্ষ, দূরদর্শী ও মানবিক নেতৃত্বে নোবিপ্রবি আরও সমৃদ্ধ, আধুনিক ও শিক্ষাবান্ধব বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে— এমনটাই আমাদের প্রত্যাশা। গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে সরকারের শিক্ষা পরিকল্পনাগুলো বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি শিক্ষা, গবেষণা ও মানবিক মূল্যবোধে নতুন উচ্চতায় পৌঁছাবে বলেও আমরা আশাবাদী। মহান আল্লাহ আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা দান করুন।”
জাহিদ হাসান সভাপতি, নোবিপ্রবি ছাত্রদল
“নোবিপ্রবির নতুন ভিসি স্যারের প্রতি আমাদের প্রত্যাশা অনেক। আমরা চাই, তিনি শিক্ষার্থীদের কথা মনোযোগ দিয়ে শুনবেন, একাডেমিক পরিবেশ উন্নত করবেন এবং বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাভিত্তিক ও শিক্ষার্থী-বান্ধব প্রতিষ্ঠানে রূপ দিতে কাজ করবেন। পূর্ববর্তী ভিসি প্রফেসর ইসমাঈল স্যার স্বল্প সময়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়েছেন, নোবিপ্রবির র্যাংকিং উন্নয়নে কাজ করেছেন এবং ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতিও গ্রহণ করেছিলেন।
আমরা আশা করি, নতুন ভিসি সেই ইতিবাচক কাজগুলোর ধারাবাহিকতা বজায় রাখবেন এবং চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবেন। বিশেষভাবে একাডেমিক-৩ ভবনের কাজ দ্রুত বাস্তবায়ন, দীর্ঘদিনের পানি সমস্যার কার্যকর সমাধান, কেন্দ্রীয় লাইব্রেরির আধুনিকায়ন এবং পরিবহন সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
একইসঙ্গে ক্যাম্পাসে সুস্থ ধারার ছাত্ররাজনীতির পরিবেশ বজায় রাখা, সহাবস্থান ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং দীর্ঘদিনের প্রত্যাশিত ছাত্রসংসদ নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়াও শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ প্রত্যাশার অংশ।”
আব্দুর রহমান সাধারণ সম্পাদক, নোবিপ্রবি ছাত্রশিবির
“নোবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী স্যারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা রাখি, স্যার বিশ্ববিদ্যালয়ে গবেষণা, শিক্ষার মানোন্নয়ন, ক্যাম্পাসের অবকাঠামোগত উন্নয়ন ও নিরাপদ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন। গণরুম-গেস্টরুম, র্যাগিং, হল দখল ও আধিপত্য বিস্তারের বিরুদ্ধে সোচ্চার থাকবেন।
পাশাপাশি শিক্ষার্থীবান্ধব ছাত্ররাজনীতি উন্মুক্ত করে শিক্ষার্থীদের সুষ্ঠু গণতান্ত্রিক অধিকার বজায় রাখতে সর্বাত্মক সহযোগিতা করবেন। সর্বোপরি, দলীয় অন্ধ আনুগত্য থেকে বের হয়ে সকল ছাত্রসংগঠনের রাজনৈতিক মতাদর্শ বাস্তবায়নে প্রশাসনের জায়গা থেকে সহায়ক ভূমিকা পালন করবেন।”
মেহেদী হাসান সীমান্ত সদস্য সচিব পদপ্রত্যাশী, জাতীয় ছাত্রশক্তি, নোবিপ্রবি
“ উপাচার্য মহোদয়কে নোবিপ্রবিতে স্বাগত। তার আগমন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তবে প্রত্যাশার আগে বাস্তবতার দিকে তাকানো জরুরি।
বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ বিভাগে তীব্র শ্রেণিকক্ষ ও শিক্ষক সংকট রয়েছে। মাঝে মাঝে শিক্ষার্থীদের বারান্দায় বা খোলা আকাশের নিচেও ক্লাস করতে দেখা যায়— যা শিক্ষার পরিবেশের এক করুণ চিত্র। কেন্দ্রীয় গ্রন্থাগারে পর্যাপ্ত আসন ও বই নেই, বাইরের শব্দের কারণে মনোযোগ ধরে রাখাও কঠিন। হল ও টং দোকানের খাবার একদিকে যেমন অস্বাস্থ্যকর, অন্যদিকে দামেও চড়া। ভর্তুকির দাবি বারবার উঠলেও প্রশাসন বদলায়, সমাধান আসে না।
এই মৌলিক সংকটগুলো নিরসনের পাশাপাশি গবেষণা খাতে পর্যাপ্ত অর্থায়ন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা এখন সময়ের দাবি। বিশ্ববিদ্যালয়কে প্রকৃত জ্ঞান উৎপাদনের কেন্দ্রে পরিণত করতে হলে গবেষণাবান্ধব পরিবেশ গড়ে তোলার বিকল্প নেই। নতুন উপাচার্যের কাছে প্রত্যাশা— কেবল আশ্বাস নয়, চাই দৃশ্যমান পদক্ষেপ।”
সাঈদ মুহাম্মাদ সানোয়ার সহ-সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নোবিপ্রবি